• facebook
  • twitter
  • youtube
Tuesday, 22 September, 2026

শিল্ডে নেই মহমেডান, ৫৩ ফুটবলারকে নথিভুক্ত ইস্টবেঙ্গলের

এদিকে, আইএফএ-র পক্ষ থেকে জানানো হয়েছে এবারের শিল্ডের জন্য ছ'জন বিদেশি ফুটবলার নথিভুক্ত করানো যাবে। প্রয়োজনে ছ'জন

শিল্ডে নেই মহমেডান, ৫৩ ফুটবলারকে নথিভুক্ত ইস্টবেঙ্গলের

IFA Shield Photo-SNS

শুরুর হওয়ার আগেই বড় ধাক্কা খেল আইএফএ শিল্ড। কলকাতা লিগের শেষ ম্যাচে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ বারের শিল্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল মহমেডান স্পোর্টিং।

সোমবার আইএফএ’র সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দিলেন দলের ফুটবল সচিব বেলাল আহমেদ খান। সূচি অনুযায়ী মঙ্গলবার উদ্বোধনী ম্যাচেই ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার কথা ছিল সাদা-কালো ব্রিগেডের।

শনিবার মোহনবাগানের কাছে কলকাতা লিগ খোয়ানোর পর মহমেডান সচিব ওয়াসিম আক্রম রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এমনকী, শিল্ডে না খেলার কথাও জানিয়েছিলেন। ক্লাব সভাপতি গজল উজ জাফরও জানিয়েছেন, বার বার এমন পরিস্থিতির মধ্যে থেকে প্রতিযোগিতায় নামা সম্ভব নয়। এই অবস্থায় সাদা-কালো ব্রিগেডের কর্তাদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছিল আইএফএ।

তাতেও অবশ্য বরফ গলেনি। সোমবার বৈঠক শেষে মহমেডানের ফুটবল সচিব স্পষ্ট জানিয়ে দিলেন, শিল্ডে তারা দল নামাবে না। একইসঙ্গে, গুরুতর অভিযোগ করেছেন মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম কর্তা আশিস সরকারের বিরুদ্ধে। তাঁর বক্তব্য, শনিবার বারাসতে লিগের শেষ ম্যাচের বিরতিতে রেফারির ঘরে ঢুকেছিলেন তিনি। এর পরেই সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ম্যাচটা হয়তো সবুজ-মেরুনের অন্যতম কর্তা আশিস সরকারই নিয়ন্ত্রণ করছিলেন। যা নিয়ে বেশ ক্ষুব্ধ তিনি।

তা হলে মহমেডানের জায়গায় খেলবে কারা? কলকাতা লিগে ভাল খেলা কোনও দলকে গ্রুপ-এ’তে জায়গা দিতে চলেছে আইএফএ। কথাবার্তাও বেশ খানিকটা এগিয়েছে বলেই জানা গিয়েছে। সম্ভবত, সাদা-কালো ব্রিগেডের বদলে এবারের আইএফএ শিল্ডে অংশ নিতে দেখা যেতে পারে ভবানীপুরকে।

অন্য দিকে, শিল্ডের জন্য আপাতত ৫৩ জন ফুটবলারকে রেজিস্ট্রেশন করিয়েছে ইস্টবেঙ্গল। প্রয়োজনে আরও নাম নথিভুক্ত করা হতে পারে। তবে কোচ আন্তোনিও লোপেজ হাবাস শিল্ডে সিনিয়র দলের খেলানোর ব্যাপারে খুব একটা আগ্রহী নন বলেই খবর। কর্তারা অবশ্য চেষ্টা করছেন যাতে সিনিয়র-জুনিয়র মিলিয়ে একটা ‘ব্যালান্সড দল’ নামানো যায়। আসলে, লাল-হলুদের নজর মূলত এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। বিদেশি এফিয়ংয়ের ভিসা সমস্যা মেটার পথে। পোল্যান্ডের স্ট্রাইকার লুকাসও আগামী সপ্তাহে কলকাতায় আসতে পারেন।

এদিকে, আইএফএ-র পক্ষ থেকে জানানো হয়েছে এবারের শিল্ডের জন্য ছ’জন বিদেশি ফুটবলার নথিভুক্ত করানো যাবে। প্রয়োজনে ছ’জন বিদেশিকেই খেলাতে পারবে দলগুলো। পাশাপাশি, বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আরও জানিয়েছে, বুধবার শিল্ডের উদ্বোধনের দিন অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্ট ও শ্রীনিধি ডেকান ম্যাচের আগেই এবারের কলকাতা লিগ চ্যাম্পিয়নের ট্রফি সবুজ-মেরুন ব্রিগেডের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হবে।