কলকাতা লিগে জয়রথ অব্যাহত মহমেডান স্পোর্টিংয়ের। শুক্রুবার ঘরের মাঠে এরিয়ানকে ৩-১ গোলে হারিয়ে দিলো সাদা-কালো ব্রিগেড। জয়ের নায়ক ইসরাফিল দেওয়ান। দলের হয়ে জোড়া গোল করলেন তিনি।
খেলার শুরু থেকে আক্রমনে দাপট দেখাতে থাকে মেহেরাজউদ্দিন ওয়াডুর দল। সেই আক্রমণ থেকে ম্যাচের ২৫ মিনিট নাগাদ দলের হয়ে প্রথম গোলটি করে যান ইসরাফিল দেওয়ান। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণের চাপ কমায়নি সাদা-কালো ব্রিগেড। তাদের ক্রমাগত আক্রমণের চাপে ৩৯ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন এরিয়ানের সৌরভ দাসগুপ্ত। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিনি। প্রথমার্ধের শেষলগ্নে (৪৫মিনিট) অবশ্য এরিয়ানের হয়ে একটি গোল পরিশোধ করেন সৈকত সরকার
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলা চালাতে থাকে। তবে, গোলের দেখা পায়নি। অবশেষে ৮১ মিনিট নাগাদ নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করে যান সেই ইসরাফিল দেওয়ান। জোড়া গোল করে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
পরপর দু’ম্যাচ জিতে স্বাভাবিকভাবেই উচ্ছসিত সাদা-কালো কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু। ম্যাচ শেষে তিনি বলেন, দলের পারফরম্যান্সে যথেষ্ট সন্তুষ্ট। পাশাপাশি জানান, একসঙ্গে ম্যাচ খেলার ফলে ফুটবলারদের বোঝাপড়া ও আত্মবিশ্বাস বেড়েছে। তবে, রক্ষণভাগে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সাদা-কালো কোচ। একই সঙ্গে মাত্র দু’-তিন দিনের ব্যবধানে ম্যাচ আয়োজনের কড়া সমালোচনাও করেন তিনি। মেহেরাজের স্পষ্ট বক্তব্য, এতে খেলোয়াড়দের চোটের সম্ভবনা বাড়ছে।
এদিকে, কলকাতা লিগের অন্য ম্যাচে উয়ারি অ্যাথলেটিক ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে রেনবো অ্যাথলেটিক ক্লাব। পিয়ারলেসের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছে কোল ইন্ডিয়া। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ০-৩ গোলে হারিয়েছে পুলিশ এসি। এছাড়াও সুরুচি সংঘ এবং মেসারার্স ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে।
এদিকে আসন্ন মরসুমের জন্য লাল-হলুদ জার্সি গায়ে দেখা যেতে চলেছে পাঞ্জাব এফসির তারকা স্ট্রাইকার এনসুঙ্গুসি এফিয়ংকে। শুক্রুবার ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ২৬ বছর বয়সী এই নাইজেরীয় স্ট্রাইকারের দলে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত মরসুমে পাঞ্জাব এফসির জার্সি গায়ে দাপট দেখিয়েছিলেন এফিয়ং। ১২ ম্যাচ খেলে সাতটি গোল করার পাশাপাশি তিনটে অ্যাসিস্টও রয়েছে তাঁর। জানা গিয়েছে, তাঁকে ২ কোটি ১০ লক্ষ টাকায় সাড়ে ছয় ফুট উচ্চতার এই স্ট্রাইকারকে দলে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। ফলে, এফিয়ং যোগদান করায় যে ইস্টবেঙ্গলের আক্রমণভাগ আরও শক্তিশালী হলো তা বলাই বাহুল্য। এদিকে, আজ কলকাতা লিগের তৃতীয় ম্যাচে ঘরের মাঠে রেলওয়ে এফসির বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল।




