পরপর তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ফাইনালে থেমে গেলেও ২০৩০ সালের বিশ্বকাপের মূলপর্বে খেলা ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। সাধারণত আয়োজক দেশগুলি সরাসরি বিশ্বকাপে জায়গা পায়। ২০৩০ সালে বিশ্বকাপের প্রধান আয়োজক দেশ হল স্পেন, পর্তুগাল ও মরক্কো। যারফলে, এই তিন দেশ আগেই মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে।
তবে, বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফিফা। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের আয়োজক উরুগুয়ে এবং সেই আসরের ফাইনালিস্ট আর্জেন্টিনার ঐতিহাসিক গুরুত্বকে সম্মান জানিয়ে ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচ আয়োজন করা হবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ।
যারফলে এই তিন দেশকেও আয়োজক দেশের মর্যাদা দেওয়া হয়েছে। তাই তারাও মূলপর্বে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। এই প্রসঙ্গে বলা যায়, প্রথমবার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। সেই ঐতিহাসিক আসরের শতবর্ষ উদ্যাপনকে কেন্দ্র করেই দুই মহাদেশে বিশ্বকাপ আয়োজনের নজির গড়তে চলেছে ফিফা।
এদিকে, ২০৩০ বিশ্বকাপে দলের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জোর জল্পনা শুরু হয়েছে। ২০২৬ সালে প্রথমবার ৪৮টি দেশ অংশ নিলেও পরবর্তী আসরে সেই সংখ্যা বেড়ে সম্ভবত ৬৪ হতে পারে। যদিও ফিফা বিষয়টি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে, দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডমিনগুয়েজ জানিয়েছেন, শতবর্ষের বিশ্বকাপকে স্মরণীয় করে তুলতেই ৬৪ দলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে ফিফা।




