• facebook
  • twitter
  • youtube
Friday, 16 October, 2026

আজ মহাষষ্ঠীতে রাজধানীর বুকে ঘুরে দাঁড়ানোর লড়াই মোহনবাগান সুপার জায়ান্টের

এসসি দিল্লি এ বারের আইএসএলের উদ্বোধনী ম্যাচে খেলেছে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। বেশ লড়াকু পারফরম্যান্স দেখায় তারা। কিন্তু শেষে ২-৩-এ হেরে যায়। বিরতিতে এক গোলে এগিয়েও ছিল তারা। কিন্তু ৮৯ মিনিটের মাথায় বেঙ্গালুরু এফসি-র দেওয়া গোলে হেরে যায় তারা।

আজ মহাষষ্ঠীতে রাজধানীর বুকে ঘুরে দাঁড়ানোর লড়াই মোহনবাগান সুপার জায়ান্টের

Photo: X

শুক্রবার সন্ধ্যায় যখন শহর মাতবে দুর্গোৎসবে, মহাষষ্ঠীর আনন্দে, তখন রাজধানীর বুকে আইএসএলে ঘুরে দাঁড়ানোর লড়াই করবে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে নর্থইস্টের কাছে এক গোলে হারের পর আইএসএলে এখনও পয়েন্টহীন। শুক্রবার এসসি দিল্লিকে হারাতে না পারলে যে বেশ চাপে পড়ে যাবে প্যানায়োতিস দিমপেরিসের দল, এই নিয়ে কোনো সন্দেহ নেই।

যদিও ইস্টবেঙ্গল এখনও তাদের আইএসএল অভিযান শুরু করেনি। পুজোর মধ্যেই, রবিবার তারা লিগের প্রথম ম্যাচ খেলবে গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। তবে তার আগে নিজেদের পায়ের তলায় মাটি জোগাড় করে নিতে না পারলে চাপ বেশ বাড়বে। তাই শুক্রবারের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ দিমপেরিসের কাছে।

এসসি দিল্লি এ বারের আইএসএলের উদ্বোধনী ম্যাচে খেলেছে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। বেশ লড়াকু পারফরম্যান্স দেখায় তারা। কিন্তু শেষে ২-৩-এ হেরে যায়। বিরতিতে এক গোলে এগিয়েও ছিল তারা। কিন্তু ৮৯ মিনিটের মাথায় বেঙ্গালুরু এফসি-র দেওয়া গোলে হেরে যায় তারা।

এ বার ঘরের মাঠে ফিরে প্রথম পয়েন্টের জন্য ঝাঁপাবে তারা। দিল্লির কোচ টমাস টর্জ বলেন, ‘মোহনবাগান সুপার জায়ান্টের খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রয়েছে। তাদের স্কটিশ স্ট্রাইকার (লি আরউইন) লম্বা চেহারার ফুটবলার, যে বল ধরে রাখতে পারে। আর সাহাল অনেকটা প্লেমেকারের মতো খেলে। আমরা ওদের আটকানোর দিকে নজর দেব। তবে দলগত ভাবে আমরা কেমন খেলছি, সেটাই গুরুত্বপূর্ণ। ম্যাচ চলাকালীন পরিস্থিতি অনুযায়ী আমাদের সমাধান খুঁজে বের করতে হবে’।

গত ম্যাচে মোহনবাগান যে ভাবে গোলের সুযোগ নষ্টের প্রদর্শনী করেছে, তা অভাবনীয়। সেই ম্যাচে বল দখলে মোহনবাগানই এগিয়ে (৫৫%) ছিল। মোট ১৭টা শট নিয়েছিল তারা। কিন্তু লক্ষ্যে ছিল মাত্র ছ’টি। অথচ, নর্থইস্টের মোট পাঁচটি শটের মধ্যে দুটিই ছিল লক্ষ্যে এবং একটি থেকে গোলও করে তারা। এই পরিসংখ্যান যে কোনো কোচকে চিন্তায় ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট।

আজ এই পরিসংখ্যানে অনেক উন্নতি করতে হবে সবুজ-মেরুন বাহিনীকে। জেমি ম্যাকলারেনের আশায় অনেকে বসে থাকলেও, সত্যিটা হল তাঁকে সম্ভবত এই ম্যাচেও পাওয়া যাবে না। কার্ড সমস্যায় দীপক টাঙরিও খেলতে পারবেন না। তাই ব্রাজিলীয় মিডফিল্ডার মিগেল ফিগেরাকে এ দিন হয়তো শুরু থেকে দেখা যেতে পারে। স্ট্রাইকার হিসেবে মনবীর সিং ও লি আরউইনকে দেখা যেতে পারে। মাঝমাঠে মিগেলের সঙ্গে হয়তো আপুইয়া ও অনিরুদ্ধ থাপাকে একসঙ্গে দেখা যাবে। দুই উইংয়ে ছাঙতে ও দ্রাজিচের খেলার সম্ভাবনাও যথেষ্ট। এই দলের খেলোয়াড়রা নিজেদের সেরা খেলা খেলতে পারলে তাদের রোখা কঠিন হবে ঠিকই। কিন্তু শুক্রবার তাঁরা ফর্মে ফিরবেন কি না ও দলকে ঘুরে দাঁড়াতে পারবে কি না, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০-এ। সরাসরি দেখা যাবে আইএসএলের ইউটিউব চ্যানেলে ও সোনি লিভ অ্যাপে।