• facebook
  • twitter
  • youtube
Wednesday, 17 June, 2026

বিস্ময় গোলে চর্চায় নামধারীর মনবীর

লাল-হলুদের এই প্রাক্তন ডিফেন্ডারের মতে, মোহনবাগান স্ট্রাইকার মনবীর সিংয়ের থেকে বেশি প্রতিভাবান খেলোয়াড় পাঞ্জাবের ডাঙ্গু গ্রামের এই ফুটবলারটি

চলতি ইন্ডিয়ান ফুটবল লিগে (আইলিগ) বেশ নজর কাড়ছেন নামধারী এফসির ফুটবলার মনবীর সিং দেওল। সম্প্রতি তাঁর ডায়মন্ড হারবারের বিপক্ষে দূরপাল্লার শটে গোল করার পর থেকে তাঁকে নিয়ে চর্চা আরও বেড়েছে। প্রায় মাঝমাঠ থেকে নেওয়া মনবীরের এই শটের নাগাল কোনোভাবেই পাননি গোলরক্ষক ধীরাজ সিং। দেশের জার্সিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা ধীরাজকে এই গোলের পর কার্যত বিধস্ত দেখিয়েছে।

তবে ডায়মন্ড হারবারের বিপক্ষেই প্রথম নয়, এর আগেও শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে দূরপাল্লার শটে গোল করেছিলেন পাঞ্জাবের ডাঙ্গু গ্রামের এই ফুটবলার। আসলে, দূরপাল্লার শটে গোল করাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। তাই, ছ’ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দল তালিকার অষ্টম স্থানে থাকলেও তাঁকে আলোচনা ক্রমেই বাড়ছে।

ইন্ডিয়ান ফুটবল লিগে নজরকাড়া এই তরুণ ফুটবলারকে আবিষ্কারের নেপথ্যে রয়েছেন আর এক পাঞ্জাবী ফুটবলার। একটা সময়ে ইস্টবেঙ্গলের হয়ে দাপিয়ে খেলা ডিফেন্ডার গুরবিন্দর সিংয়ের হাত ধরেই উত্থান মনবীর সিং দেওলের। গ্রামে একটি টুর্নামেন্টে তিনি মনবীরের খেলা প্রথম দেখেন। পরে, মনবীরের সঙ্গে দোয়াবা ইউনাইটেড ক্লাবে খেলেছিলেন তিনি। আর এরপরেই তরুণ এই ফুটবলারকে কোচিং করানোর সিদ্ধান্ত নেন গুরবিন্দর।

লাল-হলুদের এই প্রাক্তন ডিফেন্ডারের মতে, মোহনবাগান স্ট্রাইকার মনবীর সিংয়ের থেকে বেশি প্রতিভাবান খেলোয়াড় পাঞ্জাবের ডাঙ্গু গ্রামের এই ফুটবলারটি। নিজেকে ধরে রাখতে পারলে, তিনি যে অনেকটা দূর যেতে পারেন সেকথা জানাতেও ভুললেন না গুরবিন্দর। মনবীর ভবিষ্যতে নিজেকে কতটা মেলে ধরতে পারবেন, সে উত্তর হয়তো সময়ই দেবে। কিন্তু, যেভাবে তাঁর একের পর এক দূরপাল্লার শট গোলরক্ষকদের নাগাল এড়িয়ে জালে জড়িয়ে যাচ্ছেন, তাতে যে প্রতিপক্ষের রাতের ঘুম উড়তে চলেছে তা বলাই বাহুল্য।