চলতি বিশ্বকাপে সারা দুনিয়া দেখতে চায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈরথ। কিন্তু তাদের পিছনে ফেলে দিয়ে এমন সব কীর্তি স্থাপন করছেন আর একজন, যা এ বার ফুটবলপ্রেমীদের পাগল করে দিতে পারে। তিনি ফরাসি তারকা কিলিয়ান এমবাপে, যিনি মঙ্গলবার রাতে এমন এক নজির গড়লেন, যাকে অবিশ্বাস্য বললেও বোধহয় কম বলা হয়।
বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য মাইলফলক ছুঁয়ে ফেললেন ফ্রান্সের অধিনায়ক এমবাপে। সুইডেনের বিরুদ্ধে ৩২ দলের রাউন্ডের ম্যাচে জোড়া গোল করে তিনি এমন এক রেকর্ড গড়ে ফেললেন, যা এতদিন ছিল ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডোর দখলে। এমনকি এই তালিকায় অনেকটাই পিছিয়ে আছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি।
সুইডেনের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে এমবাপের জোড়া গোলের ফলে বিশ্বকাপের নকআউট পর্বে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ১০। এর ফলে তিনি বিশ্বকাপের নকআউটে সর্বাধিক গোলের নতুন নজির গড়লেন। এতদিন এই রেকর্ডটি ছিল ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডোর, যার নকআউট পর্বে গোলের সংখ্যা ছিল ৯টি। অন্যদিকে নকআউট পর্বে লিওনেল মেসির গোলসংখ্যা ৬। ফলে এই একটি পরিসংখ্যানে এমবাপে এখন একাই সবার উপরে।
শুধু নকআউটের রেকর্ডই নয়, বিশ্বকাপে সর্বাধিক গোলদাতাদের তালিকাতেও দ্রুত উপরের দিকে উঠে এসেছেন ফরাসি সুপারস্টার। সুইডেন ম্যাচের পর তাঁর মোট বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। এর ফলে তিনি মিরোস্লাভ ক্লোজেকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এবং এখন তাঁর সামনে রয়েছেন শুধুমাত্র লিওনেল মেসি।
আরও অবাক করার বিষয় হল, মাত্র ১৮টি বিশ্বকাপ ম্যাচ খেলেই এই ১৮ গোল করেছেন এমবাপে। তুলনায় মেসির এই উচ্চতায় পৌঁছতে অনেক বেশি ম্যাচ খেলতে হয়েছে। বয়স মাত্র ২৭ হলেও বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা গোলস্কোরার হওয়ার পথে দ্রুত এগিয়ে চলেছেন তিনি।
চলতি বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ফ্রান্স অধিনায়ক।
সুইডেনের বিরুদ্ধে জোড়া গোলের পর টুর্নামেন্টে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬, যা গোল্ডেন বুটের দৌড়েও তাঁকে অন্যতম প্রধান দাবিদার করে তুলেছে।ফ্রান্স ইতিমধ্যেই শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। এমবাপে যদি এই গোল করার ধারা বজায় রাখতে পারেন, তবে বিশ্বকাপের আরও একাধিক ঐতিহাসিক রেকর্ড তাঁর দখলে চলে আসতে পারে।




