• facebook
  • twitter
  • youtube
Sunday, 4 October, 2026

গুরপ্রীতের পাশে খালিদ, ব্রাজিলের কাছে চার গোল খেয়ে কী বললেন, ভারতের কোচ খালিদ?

চার গোলের ব্যবধানের হার তাই ভারতের জন্য বড় ধাক্কা হলেও, অন্তত প্রথমার্ধের একটা সময় পর্যন্ত ব্রাজিলকে চাপে রাখার স্মৃতি থাকছে।

গুরপ্রীতের পাশে খালিদ, ব্রাজিলের কাছে চার গোল খেয়ে কী বললেন, ভারতের কোচ খালিদ?

Photo: X

ব্রাজ়িলের বিরুদ্ধে চার গোলে হার। প্রথমার্ধেই জোড়া গোল হজম। তার মধ্যে দু’টি গোলের সময় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর ভুল চোখে পড়েছে স্পষ্ট ভাবেই। বিরতিতেই তাঁকে তুলে নেন কোচ খালিদ জামিল। কিন্তু ম্যাচ শেষে গুরপ্রীতকে একা কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নন ভারতীয় দলের কোচ।

শনিবার যুবভারতীতে ব্রাজিলের কাছে চার গোলে হারের পর খালিদ স্পষ্ট করে দিলেন, দলের হারকে কোনও এক জনের ভুল বলে ব্যাখ্যা করা যায় না। তাঁর কথায়, ‘গুরপ্রীতের জন্য গোল দুটো হয়নি। ও দেশের অন্যতম সেরা গোলকিপার। ডিফেন্ডারও বলটা আটকাতে পারেনি। তার পর ওদের মুভমেন্টও ভাল ছিল। সব মিলিয়ে এটা সকলের ভুল’।

ব্রাজিলের বিরুদ্ধে নিজের ৯০তম আন্তর্জাতিক ম্যাচ খেলছিলেন গুরপ্রীত। তিনিই ছিলেন ভারতের অধিনায়ক। কিন্তু প্রথমার্ধে পর পর দু’টি গোল হজম করার পর বিরতিতে তাঁকে তুলে নেন খালিদ। তাঁর জায়গায় নামেন প্রভসুখন সিং গিল, যাঁর জাতীয় দলের অভিষেক হয় এদিন।

পরের ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে কে গোলে দাঁড়াবেন, তা নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানাননি খালিদ। শুধু বুঝিয়ে দিয়েছেন, গুরপ্রীত তাঁর পরিকল্পনা থেকে ছিটকে যাননি। বলেন, ‘হয়তো সোম খেলবে, হয়তো আলবিনো। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। তবে গুরপ্রীত অবশ্যই ফিরে আসবে’।

ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে খেলার চাপ যে আলাদা, তাও স্বীকার করেছেন খালিদ। তাঁর কথায়, ‘ওদের মান খুব ভাল। কোচও ভাল। ওদের ফুটবলাররা বিশ্বের বিভিন্ন বড় ক্লাবে খেলে। তাই ওদের সামলানো খুব কঠিন। সহজ কাজ নয়’।

তবে প্রথম ২৮ মিনিট পর্যন্ত ব্রাজিলকে আটকে রাখে ভারত। খালিদের মতে, এস্তেভাওয়ের গোলই ম্যাচের গতিপথ বদলে দেয়। বলেন ‘ওয়াটার ব্রেক পর্যন্ত মনে হচ্ছিল সব ঠিকঠাকই চলছে। তার পর আমরা একটা সহজ গোল খেয়ে গেলাম। তার পর দ্বিতীয় গোল। ফলে আমাদের হিসাবটা একটু বদলে যায়’।

হারলেও ভারতের শুরুটা নিয়ে সন্তুষ্ট খালিদ। তাঁর মতে, এই ধরনের ম্যাচই ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াবে। তাঁর মতে, ‘আমি ওদের শুধু বলেছিলাম, তোমরাও প্রতিভাবান ফুটবলার। বিশ্বাস রাখতে হবে। সেই বিশ্বাসটা ওদের মধ্যে থাকা দরকার। প্রত্যেকেই পরিণত ফুটবলার। তাই আত্মবিশ্বাস জোগানোর জন্য আমি সময় নষ্ট করিনি।’

ম্যাচের পর আরও একটি মুহূর্ত মনে রাখার মতো। মাঠ ছাড়ার আগে আনসেলোত্তি খালিদের সঙ্গে কথা বলেন। ব্রাজিলের কোচ তাঁকে বলেন, ‘তোমরা ভালই খেলেছ। এ ভাবেই খেলে যাও।’

চার গোলের ব্যবধানের হার তাই ভারতের জন্য বড় ধাক্কা হলেও, অন্তত প্রথমার্ধের একটা সময় পর্যন্ত ব্রাজিলকে চাপে রাখার স্মৃতি থাকছে।

এবার সামনে উরুগুয়ে। তার আগে খালিদের সবচেয়ে বড় কাজ—এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দলের আত্মবিশ্বাসটা ধরে রাখা।