ব্রাজিল আসার আগেই কলকাতায় চলে এল ভারতীয় দল। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বহু প্রতীক্ষিত ভারত-ব্রাজিল ম্যাচের উত্তাপ যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে শহর জুড়ে।
সোমবার দুপুর পৌনে একটা নাগাদ কলকাতায় এসে পৌঁছল ভারতীয় ফুটবল দল। বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে কঠিন লড়াই করে ড্র করার পর এ বার ভারতীয় দলের সামনে আরও বড় পরীক্ষা—ব্রাজিল।
ফুটবলের মক্কা, যে শহরের আবেগ ফুটবল, সেই কলকাতায় ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগ। সেই ম্যাচকে ঘিরে স্বাভাবিক ভাবেই উন্মাদনা তুঙ্গে।
পানামার বিরুদ্ধে ভারতীয় দল যে পারফরম্যান্স দেখিয়েছে, তা থেকে প্রচুর আত্মবিশ্বাস নিয়ে কলকাতায় এসে পৌঁছেছে। সেই ম্যাচে শৃঙ্খলা ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছিল ভারত। প্রথমার্ধে রায়ান উইলিয়ামসের দুর্দান্ত গোলে এগিয়েও গিয়েছিল তারা।
রায়ানের সেই গোলই হয়ে ওঠে ম্যাচের অন্যতম সেরা আকর্ষণ। পানামার রক্ষণ ভেঙে ভারতকে এগিয়ে দেওয়ার পরে উইলিয়ামসের নামই বার বার উঠে এসেছে আলোচনায়। এ বার সেই রায়ান সতীর্থদের সঙ্গে কলকাতায়। সামনে আরও কঠিন প্রতিপক্ষ। ব্রাজিল।
শনিবারের ম্যাচ ভারতীয় ফুটবলের কাছে শুধুই এক আন্তর্জাতিক ফ্রেন্ডলি নয়। বিশ্বের অন্যতম সেরা ফুটবল শক্তির বিরুদ্ধে কলকাতার আবেগপ্রবণ দর্শকদের সামনে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ ভারতের। একই সঙ্গে উচ্চমানের আন্তর্জাতিক ফুটবলের বিরুদ্ধে নিজেদের অবস্থা যাচাইও করে নেওয়া যাবে।
কলকাতার প্রতি শুভেচ্ছা এন্ড্রিকের 👋🏻🇧🇷🇮🇳#INDBRA #IndianFootball pic.twitter.com/YgBqYHWpoD
— Indian Football (@IndianFootball) September 28, 2026
ভারত-ব্রাজিল এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই শহরে শুরু হয়েছে নানা প্রস্তুতি। রাস্তাঘাট থেকে ফুটবলপ্রেমীদের আড্ডা—সব জায়গাতেই ক্রমশ আলোচনার মূল বিষয় হয়ে উঠছে ব্রাজিলের হলুদ জার্সি আর ভারতের নীল জার্সির দ্বৈরথ। যুবভারতীর এই মহাম্যাচের আগে অবশ্য কলকাতায় অনুশীলন করে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবেন ভারতীয় ফুটবলাররা।
ব্রাজিলের খেলোয়াড়দের কলকাতায় এসে পৌঁছনোর কথা বৃহস্পতিবার সন্ধ্যায়। তার আগের দিনই অবশ্য চলে আসবে উরুগুয়ে দল। তাদের ম্যাচ পরে হলেও তারা আগে চলে আসছে এখানকার আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে।
ব্রাজিল, উরুগুয়ের মতো বিশ্বকাপে খেলা দল যেখানে খেলবে, সেখানে বিশ্বকাপে খেলানো রেফারিই ম্যাচ খেলাবেন। জানা গিয়েছে উজবেকিস্তানের রেফারি ইলগিজ তান্তাশেভ ভারত-ব্রাজিল ম্যাচে রেফারির বাঁশি নিয়ে নামবেন। এ বছরের বিশ্বকাপেই তিনটি ম্যাচ খেলিয়েছেন এই রেফারি। স্কটল্যান্ড বনাম মরক্কো, আলজেরিয়া বনাম অস্ট্রিয়া এবং নক আউট পর্বে প্যারাগুয়ে বনাম ফ্রান্স।
তবে ‘ভার’ থাকবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। ফিফার টায়ার ১ ম্যাচে ‘ভার’ থাকাটা জরুরি। কিন্তু ভারতীয় ফুটবলে এখনও ‘ভার’ চালু হয়নি। কিন্ত রেফারির কোনো সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হলে ভার-এর না থাকা নিয়ে অভিযোগ উঠতেই পারে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রাজিলের প্রথম ম্যাচে একটি গোল বাতিল করা হয় ভার-এর সিদ্ধান্তে। কলকাতায় তেমন কোনো বড় সমস্যা তৈরি হলে যে ভার না থাকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
শহর প্রস্তুত। সমর্থকেরা অপেক্ষায়। ভারতও এসে গিয়েছে। এখন শুধু ব্রাজিলের অপেক্ষা। ৩ অক্টোবর যুবভারতীতে দুই দলের মুখোমুখি হওয়ার সময় যত এগোবে, কলকাতার ফুটবল-উন্মাদনাও তত বাড়বে।




