• facebook
  • twitter
  • youtube
Tuesday, 1 September, 2026

পানামা, ব্রাজিল, উরুগুয়ের বিরুদ্ধে মহারণের জন্য এ কেমন দল গড়লেন ভারতীয় কোচ!

সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারত— প্রথমে পানামা, তার পর পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে

পানামা, ব্রাজিল, উরুগুয়ের বিরুদ্ধে মহারণের জন্য এ কেমন দল গড়লেন ভারতীয় কোচ!

Photo: Representational Image

সামনে ব্রাজিল, তার পরেই উরুগুয়ে। ভারতীয় ফুটবলের সামনে এমন কঠিন পরীক্ষা সচরাচর আসে না। সেই মহারণের আগে ২৬ সদস্যের দল ঘোষণা করলেন জাতীয় দলের কোচ খালিদ জামিল। কিন্তু সেই দল দেখে অবাক হতে হচ্ছে বেশি।

সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারত— প্রথমে পানামা, তার পর পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।

২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের (Indian football team) অভিযান। তার পর দল চলে আসবে কলকাতায়। ৩ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। তিন দিন পর, ৬ অক্টোবর একই মাঠে খেলতে হবে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে। তিন প্রতিপক্ষই এ বছরের বিশ্বকাপে খেলেছে। ফলে খালিদের দলের সামনে কঠিনতম পরীক্ষা অপেক্ষা করছে।

আরও পড়ুন: মেসির অবসরে আবেগে ভাসল আর্জেন্টিনা, ফুটবলবিশ্ব, ‘ক্যাপ্টেন, তোমাকে খুব মিস করব’—বললেন এনজো

এই কঠিন পরীক্ষার জন্য যে দল বাছাই করেছেন কোচ, সেই দলে গোলরক্ষক চার জন— আলবিনো গোমেস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন গিল এবং সোম কুমার।রক্ষণে রয়েছেন অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভার্গিজ, মিংথানমাউইয়া রালতে, জয় গুপ্তা, প্রমবীর এবং রিকি মেতেই হাওবাম।

মাঝমাঠে রয়েছেন অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধুরি, লালেংমাউইয়া রালতে, ম্যাকার্টন নিকসন, মহম্মদ শনান, রিকি শাবং এবং সহাল আব্দুল সামাদ। আক্রমণভাগে জায়গা পেয়েছেন এডমন্ড লালরিন্দিকা, ইরফান ইয়াডওয়াড, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস এবং বিক্রম প্রতাপ সিং।

সাম্প্রতিক বছরগুলিতে ক্লাবের হয়ে ভাল পারফর্ম করা ডেভিড লালনসাঙ্গা, বেঙ্গালুরুর লালরেমতলুঙ্গা ফানাই, লালরিনলিয়ানা নামতে- কেউই এই দলে নেই। এই রকম বড় ম্যাচে সন্দেশ ঝিঙ্গনের মতো অভিজ্ঞ ডিফেন্ডারকে বাদ দেওয়ার সিদ্ধান্তও বড়সড় চমক। কারণ, ভারতীয় দলে প্রকৃত ডিফেন্ডারদের মধ্যে তিনি হাতে গোনা কয়েক জনের মধ্যে অন্যতম।

রাহুল ভেকে, লিস্টন কোলাসো, জিকসন সিং, এমনকী ভারতের অন্যতম সেরা গোলকিপার বিশাল কয়েথ এবং অন্যতম সেরা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতেও এই দলে নেই। ভারতীয় কোচ খালিদ জামিল বিশ্বসেরা দলগুলির বিরুদ্ধেও কি তরুণ খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করতে চান? উঠছে এই প্রশ্নই।

দলে এমন একাধিক ফুটবলার রয়েছেন, যাঁরা এখনও তাদের ক্লাব দলের সঙ্গ প্রাক-মরসুম প্রস্তুতিও শুরু করেননি। ফলে কোনও ফুটবলার ফিটনেসের সমস্যায় পড়লে তাঁর পরিবর্ত নেওয়ার মতো পর্যাপ্ত সময় বা সুযোগও হয়তো খালিদ জামিলের হাতে থাকবে না।

আরও পড়ুন: আর নয় আর্জেন্টিনার জার্সি! অবসরের ঘোষণা মেসির, ‘এই সিদ্ধান্ত আমাকে ভিতর থেকে খুব কষ্ট দিচ্ছে’

এই তিনটি কঠিন ম্যাচের জন্য বেঙ্গালুরুতে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় শিবির। অর্থাৎ বিশ্বের ৪৪ নম্বর পানামার বিরুদ্ধে ম্যাচে নামার আগে মাত্র দশ-এগারো দিন একসঙ্গে অনুশীলন করবেন ভারতীয় দলের ফুটবলাররা। এও আরেক অবাক করা সিদ্ধান্ত।

পানামা ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর কলকাতায় চলে আসবে ভারতীয় দল (Indian football team) । ব্রাজিল ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচগুলিতে খালিদ জামিল লড়াই করার জন্য দল বাছলেন, না নিজেদের খেলোয়াড়দের পরখ করার জন্য দল বেছে নিলেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। নাকি ভারতীয় কোচ ধরেই নিলেন এই ম্যাচগুলিতে গো-হারান হারবেন, তাই তরুণদের শুধু অভিজ্ঞতা দেওয়ার কথা ভেবেই দল বাছাই করেছেন।

সব মিলিয়ে ভারতীয় দলের কোচ দল বাছাইয়েই বেশ কয়েকটি অবাক করা সিদ্ধান্ত নিয়ে নিলেন। এর পরে যখন দল মাঠে নামাবেন, তখন আরো কত অবাক করবেন, কে জানে।

ভারতের সূচি:
২৬ সেপ্টেম্বর — ভারত বনাম পানামা, বেঙ্গালুরু
৩ অক্টোবর — ভারত বনাম ব্রাজ়িল, কলকাতা
৬ অক্টোবর — ভারত বনাম উরুগুয়ে, কলকাতা

ব্রাজিলের পাঁচ বিশ্বকাপ, উরুগুয়ের দুই বিশ্বকাপ— দুই লাতিন আমেরিকান মহাশক্তির বিরুদ্ধে একই মাঠে পর পর দুই ম্যাচ। ভারতীয় ফুটবলের (Indian football team) কাছে এই সিরিজ শুধু ফলের পরীক্ষা নয়, নিজেদের আন্তর্জাতিক মানও যাচাই করে নেওয়ার বিরাট সুযোগ। কিন্তু সেই মান যাচাই করার জন্য যে রকমের দল বাছার কথা, তা কি তিনি বেছে নিতে পারলেন? এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

দেখুন: