• facebook
  • twitter
  • youtube
Friday, 25 September, 2026

বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই, বোলারদের নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়ে দিলেন বুমরাদের কোচ

তবে চোটের ধাক্কাতেও ভারতের বোলিং বিভাগে যথেষ্ট বিকল্প রয়েছে বলে মনে করছেন মরকেল। তাঁর কথায়, “সেরা এবং পরিস্থিতির বিচারে

বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই, বোলারদের নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়ে দিলেন বুমরাদের কোচ

India Practice Photo-SNS

বিশ্বকাপের প্রস্তুতি শেষ শুরু হয়ে যাচ্ছে এখন থেকেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের এক দিনের সিরিজকে তাই শুধু দ্বিপাক্ষিক লড়াই হিসাবে দেখছেন না ভারতের বোলিং কোচ মরনি মরকেল। তাঁর নজরে এই সিরিজ দ্বিতীয় সারির বোলারদের পরখ করার পাশাপাশি আগামী বছরের বিশ্বকাপের জন্য বোলিং আক্রমণের ভিত আরও শক্ত করার মঞ্চ।

রবিবার তিরুঅনন্তপুরমে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। এই সিরিজে প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনূর ব্রারদের মতো বোলারদের বেশি করে সুযোগ দেওয়ার পক্ষে মরকেল। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন পরিস্থিতিতে ম্যাচ খেলার অভিজ্ঞতা না হলে বড় মঞ্চের চাপ সামলানো কঠিন।

সাংবাদিক বৈঠকে মরকেল বলেন, “গত এক বছর ধরে আমরা চেষ্টা করছি ছেলেদের ম্যাচ খেলার সুযোগ দিতে এবং বিভিন্ন ভূমিকায় তাঁরা কী ভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটা দেখতে। এ বারও সেটাই হবে। বল হাতে ওদের সুযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ। প্রসিদ্ধ, ব্রারদের ম্যাচ খেলার সময় দরকার, আন্তর্জাতিক মানের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার অনুভূতি দরকার। এই সিরিজে বিভিন্ন ভূমিকায় ওরা কী করতে পারে, তা দেখার সুযোগ অবশ্যই দেওয়া হবে।”

শুধু একাদশে জায়গা পাওয়ার লড়াই নয়, চাপের মুখে কে দায়িত্ব নিতে পারেন, সেটাও দেখতে চান ভারতের বোলিং কোচ। তাঁর কথায়, “পরিস্থিতি কঠিন হলে বা কোনও জুটি তৈরি হলে আমরা বোলারদের চ্যালেঞ্জ করেছি। আমি দেখতে চাই, কে নিজে থেকে বল চাইছে এবং সুযোগ তৈরি করতে চাইছে। নিজের জায়গা বাঁচিয়ে রাখার চেষ্টা না করে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার মানসিকতা দেখতে চাই।”

কী ধরনের পরিস্থিতির কথা বলছেন মরকেল? উদাহরণও দিয়েছেন তিনি। “ধরা যাক আমরা ৩০ রানে চার উইকেট হারিয়েছি। তখন কে এসে জুটি গড়ে দলকে ১০০ রানে নিয়ে যাবে? আমরা যদি নিজেদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলি এবং ক্রিকেটারেরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজে নিতে পারে, তা হলে ওদের উন্নতি হবে। ভবিষ্যতে সেটাই কাজে লাগবে।”

এ দিকে চোটের কারণে কয়েক জন গুরুত্বপূর্ণ বোলারের অনুপস্থিতি নিয়ে কিছুটা হতাশ মরকেল। হর্ষিত রানা-সহ চোট পাওয়া ক্রিকেটারদের দ্রুত ফেরানোর জন্য দলের মেডিক্যাল স্টাফদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। “হর্ষিত এবং আরও কয়েক জন এখনও মাঠের বাইরে। আমরা চাই ওরা দ্রুত ফিরে এসে খেলুক এবং ফিট হোক। মেডিক্যাল স্টাফদের সঙ্গে বসে প্রত্যেকের জন্য পরিকল্পনা তৈরি করা হচ্ছে। প্রত্যেকের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে। ওদের নিয়মিত পর্যবেক্ষণ করে নির্বাচকদের হাতে বেছে নেওয়ার মতো একটি দল তুলে দিতে চাই।”

তবে চোটের ধাক্কাতেও ভারতের বোলিং বিভাগে যথেষ্ট বিকল্প রয়েছে বলে মনে করছেন মরকেল। তাঁর কথায়, “সেরা এবং পরিস্থিতির বিচারে সবচেয়ে উপযুক্ত ১১ জন মাঠে থাকুক, এটাই চাই। কিন্তু ক্রিকেটে চোট-আঘাত থাকবেই। সৌভাগ্যক্রমে আমাদের হাতে দুর্দান্ত ব্যাক-আপ রয়েছে। অন্যদের কাছে এটা ভারতের হয়ে খেলে নিজেদের প্রমাণ করার মেলে ধরার দারুণ সুযোগ।”

আর এই গোটা পরিকল্পনার কেন্দ্রে রয়েছে আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপ। মরকেলের বার্তা স্পষ্ট—বিশ্বকাপের এক সপ্তাহ বা এক মাস আগে প্রস্তুতি শুরু করলে চলবে না। “যে-ই এখন থেকে বিশ্বকাপ পর্যন্ত মাঠে নামবে, রবিবার থেকে শুরু করে, তাকে জানতে হবে আমাদের কোথায় পৌঁছতে হবে। আমি চাই ক্রিকেটাররা নিজেদের যতটা সম্ভব চাপের মধ্যে ফেলুক। বিশ্বকাপ সবচেয়ে বড় মঞ্চ। টুর্নামেন্টের এক মাস বা এক সপ্তাহ আগে ঠিক করা যায় না যে এ বার থেকে সব বদলে ফেলব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজ থেকেই সেই প্রস্তুতি শুরু হচ্ছে।”