• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারতের পুরুষ ও মহিলা টেবিল টেনিস দল, এবার লক্ষ্য কমনওয়েলথ-এর জোড়া সোনা

দুই বিভাগের ফাইনালেই ভারতের সামনে মালয়েশিয়া। লক্ষ্য একটাই—পুরুষ ও মহিলা, দুই বিভাগেই সোনা জিতে কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের আধিপত্য আরও একবার প্রমাণ করা

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারতের পুরুষ ও মহিলা টেবিল টেনিস দল, এবার লক্ষ্য কমনওয়েলথ-এর জোড়া সোনা

Photo: Representational Image

কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই ফাইনালে উঠে পড়ল ভারত। বুধবার সেমিফাইনালে দুর্দান্ত ছন্দ বজায় রেখে ইংল্যান্ডকে হারিয়ে খেতাব জয়ের লড়াইয়ে জায়গা নিশ্চিত করেছে দুই দলই। ফাইনালে ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া।

পুরুষদের বিভাগে শীর্ষ বাছাই ভারত একতরফা লড়াইয়ে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারায়। প্রথম ম্যাচে মানুশ শাহ ১১-৯, ১১-৯, ১১-৬ গেমে কনর গ্রিনকে পরাস্ত করে ভারতকে এগিয়ে দেন। এরপর বিশ্ব ক্রমতালিকার ৩৮ নম্বর মানব ঠক্কর, বাঁ চোখের উপরে ১৩টি সেলাই নিয়েও অসাধারণ লড়াই করে জোসেফ হান্টারকে ১১-৮, ১১-৪, ১১-৫ ব্যবধানে হারান। শেষ ম্যাচে অভিজ্ঞ হরমিত দেশাই বেঞ্জামিন পিগটকে ১১-৫, ১১-৫, ১১-৫ গেমে উড়িয়ে দিয়ে ভারতের জয় নিশ্চিত করেন। পুরো প্রতিযোগিতায় এখনও পর্যন্ত একটি ম্যাচও না হেরে ফাইনালে পৌঁছেছে ভারতীয় পুরুষ দল।

মহিলাদের সেমিফাইনাল অবশ্য তুলনায় কঠিন ছিল। ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। শুরুতেই শ্রীজা আকুলা ১১-৬, ১১-৩, ১১-৯ গেমে চিউক ল্যাম জ্যাসমিন ওয়ংকে হারিয়ে ভারতকে এগিয়ে দেন। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের টিন-টিন হো যশস্বিনী ঘোরপাড়েকে ১১-৯, ১১-৬, ১১-৭ গেমে হারিয়ে সমতা ফেরান।

এরপর সিন্ড্রেলা দাস ১১-৭, ১১-৪, ১১-৯ গেমে আনা গ্রিনকে হারিয়ে ভারতের লিড পুনরুদ্ধার করেন। নির্ণায়ক চতুর্থ ম্যাচে আবার লড়াইয়ে নামেন শ্রীজা। পাঁচ গেমের রুদ্ধশ্বাস লড়াইয়ে তিনি টিন-টিন হোকে ১১-৮, ৫-১১, ১১-৬, ৮-১১, ১১-৯ ব্যবধানে হারিয়ে ভারতের ফাইনাল নিশ্চিত করেন।

এখন দুই বিভাগের ফাইনালেই ভারতের সামনে মালয়েশিয়া। লক্ষ্য একটাই—পুরুষ ও মহিলা, দুই বিভাগেই সোনা জিতে কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের আধিপত্য আরও একবার প্রমাণ করা।