ভারত ও জিম্বাবোয়ের ম্যাচটা দু’দলের কাছেই মরণ-বাঁচন লড়াই। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ চারে খেলার জন্য ভারতকে যেমন দুরন্ত ভূমিকা নিতে হবে, তেমনই আবার জিম্বাবোয়েকেও কঠিন লড়াই করে ম্যাচ ছিনিয়ে নেওয়ার প্রবণতা দেখাতে হবে। এই অবস্থায় বৃহস্পতিবার ভারত ও জিম্বাবোয়ে একে অপরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ দু’দলের কাছেই। অর্থাৎ কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে ক্রিকেট মাঠে নিজেদের দৃঢ়তা দেখাতে হবে ক্রিকেটারদের। জিম্বাবোয়ে ইংল্যান্ডের কাছে হেরেছে আবার দক্ষিণ আফ্রিকার কাছে ভারতকে হার স্বীকার করতে হয়েছে। সেই কারণেই ভারত কিন্তু গভীর সংকটের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। দুই দলের একটি করে হার শেষ চারে খেলার অঙ্ক বেশ জটিল হয়ে রয়েছে।
ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্নকে সার্থক রূপ দিতে গেলে ভারতকে প্রতিটি ম্যাচেই জিততে হবে। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে লড়াইয়ে কোনও ব্যতিক্রম নেই ভারতের কাছে। গ্রুপ লিগে ভারতীয় দল যেভাবে জয়ের ধারাবাহিকতা ছিল, তার পরেই সুপার এইটে প্রথম ম্যাচে হেরে গিয়ে ছন্দ নষ্ট হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ১০০ রানেও পৌঁছতে পারেনি। অর্থাৎ ভারতের ফর্ম কোথায় যেন হারিয়ে গিয়েছে। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের মুখ দেখতে হলে সমন্বয়ের কোথাও যেন অভাব না থাকে। তা না হলে ভয়ের কারণ হয়ে দাঁড়াবে এই ম্যাচটা।
Advertisement
টিম-ম্যানেজমেন্ট ও কোচ গৌতম গম্ভীর জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ জেতার লক্ষ্যে নিশ্চয়ই অঙ্ক কষবেন। প্রয়োজনে দলে বেশকিছু পরিবর্তনও হতে পারে। শারীরিক দিক দিয়ে বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে অভিষেক শর্মা মাঠে ফিরলেও কোনওভাবেই নিজেকে প্রকাশ করতে পারেননি। সেই কারণে অভিষেক শর্মাকে দলে রাখলেও কোচ তাঁকে নিয়ে অন্য চিন্তাভাবনা করছেন। ঈশান কিশান ও অধিনায়ক সূর্যকুমার যাদবরা যদি এই চ্যালেঞ্জকে ঠিকমতো গ্রহণ করতে পারেন, তাহলে ম্যাচের রং বদলে যেতে পারে। বুধবার অনুশীলনের সময় শিবম দুবে হাতে চোট পেয়েছেন। তবে সেই চোট কতটা গুরুতর, তা স্পষ্ট করা হয়নি। প্রয়োজনে সহঅধিনায়ক অক্ষর প্যাটেল দলে ফিরতে পারেন ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে। ওয়াশিংটন সুন্দরের ব্যাট সেইভাবে কথা বলছে না। ফিনিশার রিঙ্কু সিংয়ের বাবা গুরুতর অসুস্থ থাকার কারণে, তিনি বাড়ি ফিরে গেছেন। বাবা কেমন থাকেন, তা দেখার পরে হয়তো রিঙ্কু দলে ফিরতে সিদ্ধান্ত নেবেন।
Advertisement
চেন্নাইয়ের পিচ যদি ব্যাটসম্যানদের সহায়ক হয়, তাহলে জিম্বাবোয়ের প্রথম সারির পাঁচ থেকে সাতজন ব্যাটসম্যান সেই সুবিধা কাজে লাগাতে পারেন। তাই বরুণ চক্রবর্তী থেকে শুরু করে কুলদীপ যাদব, আর্শদীপ সিং, হার্দিক পাণ্ডিয়া ও যশপ্রীত বুমরাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। সঞ্জু যদি দলে জায়গা পান, সেক্ষেত্রে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে আসতে পারেন। চেন্নাইয়ে নিজের মাঠে বরুণ চক্রবর্তী কোনও অঘটন ঘটাতে পারেন কিনা, সেটাও দেখার বিষয়। যশপ্রীত বুমরা দারুণ ফর্মে রয়েছেন। বুমরার ভূমিকা এই ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
জিম্বাবোয়ের বোলাররা ভালো করেই জানেন, ঘরের মাঠে ভারতীয় দল কিছুটা এগিয়ে থেকেই লড়াই করবে। সেই লড়াইতে কীভাবে মোকাবিলা করতে হবে, সে বিষয়েও জিম্বাবোয়ের খেলোয়াড়রা তৈরি রয়েছেন।
Advertisement



