টেস্ট ক্রিকেটে বোলারদের সুবিধা দিতে বলের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কোভিড অতিমারির সময় থেকে ক্রিকেট বল লালা দিয়ে পালিশ করার উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি, তা এখনও কেন বহাল? এ বার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সেই নিয়ম নিয়েই প্রশ্ন উঠল ভারতীয় দল।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হওয়ার পর সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক শুভমান গিল বলেন, ‘আমরা কোভিডের সময় থেকে অনেকটা এগিয়ে এসেছি। সেই সময় একটা নিয়ম করা হয়েছিল যে বলে পালিশ করার জন্য থুতু ব্যবহার করা যাবে না। সাত-আট বছর হয়ে গেল। এখনও কেন এই অনুমতি দেওয়া হচ্ছে না, তা আমি বুঝতে পারছি না’।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় বোলারদের দীর্ঘক্ষণ পরিশ্রম করতে হয়েছে। কিন্তু বেসিন রিজার্ভের পিচ থেকে প্রত্যাশিত সাহায্য মেলেনি। তার উপর কোকাবুরা বল দ্রুত নরম হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বোলাররা। গিলের মতে, ২৫-৩০ ওভারের মধ্যেই বলের কঠিন ভাব চলে যাচ্ছে। ফলে সুইং বা সিম মুভমেন্ট আদায় করা কঠিন হয়ে পড়ছে।
ভারত অধিনায়ক বলেন, ‘আমাদের প্রথম বলটাই ২৫-৩০ ওভার হওয়ার পর খুব নরম হয়ে গিয়েছিল। আমার মনে হয়, প্রতিপক্ষ দলও এই বিষয়টি নিয়ে অভিযোগ করেছে। ইংল্যান্ডেও আমরা একই সমস্যা দেখেছি। প্রথম তিন-চারটি ম্যাচে বল খুব তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছিল।’
কোকাবুরা বলের গুণমান নিয়েও প্রশ্ন তুলেছেন গিল। তাঁর কথায়, ‘বলগুলির গুণমান কমে গিয়েছে কি না, অথবা অন্য কোনও সমস্যা হচ্ছে কি না, সেটা আমি জানি না। কিন্তু পিচ থেকে যদি কোনও সাহায্য না পাওয়া যায় এবং বলও দ্রুত নরম হয়ে যায়, তা হলে বোলারদের পক্ষে উইকেট নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে।’
এখানেই শেষ নয়, বল নিয়ে আরো অভিযোগ আছে গিলের। বল নরম হয়ে যাওয়ার ফলে শুধু সুইং বা সিম মুভমেন্টই কমছে না, ব্যাটের কানায় লাগা বলও আগের মতো উইকেটরক্ষক বা স্লিপে দাঁড়ানো ফিল্ডারদের কাছে পৌঁছচ্ছে না। ফলে ক্যাচ আউটের সম্ভাবনাও কমে যাচ্ছে। পিচে বোলারদের জন্য সাহায্য না থাকলে এলবিডব্লিউ পাওয়াও কঠিন হয়ে পড়ছে।
গিলের ব্যাখ্যা, ‘বল ব্যাটের কানায় লাগলেও তা আর ফিল্ডারদের কাছে পৌঁছচ্ছে না। ফলে ক্যাচ আউট করানো কঠিন হয়ে যাচ্ছে। পিচে যদি খুব বেশি নড়াচড়া না থাকে, তা হলে এলবিডব্লিউয়ের সুযোগও কমে যায়। সব মিলিয়ে বোলারদের কাজটা কঠিন হয়ে উঠছে।’
তাঁর মতে, অন্তত বলে লালা ব্যবহারের অনুমতি ফিরিয়ে দেওয়া উচিত। তাতে বলের অবস্থা দীর্ঘক্ষণ ধরে রাখা সম্ভব হবে। গিল বলেন, ‘আমি মনে করি, দলগুলিকে বলে লালা ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত। কোভিডের সময় এই নিয়ম চালু হয়েছিল। কিন্তু সেই পরিস্থিতি থেকে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। বিশেষ করে এই ধরনের পিচে বলের পরিচর্যা করতে না পারলে বোলারদের কাজ আরও কঠিন হয়ে যায়।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় বোলারদের প্রায় ২৫০ ওভার বল করতে হয়েছে। অথচ শেষ পর্যন্ত ম্যাচ জেতা সম্ভব হয়নি। সামনে ২৭ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট। মাঝে বিশ্রামের সময়ও খুব কম। তাই বোলারদের শারীরিক ক্লান্তির কথা মাথায় রেখে দলের একটি বিশেষ অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
গিল বলেন, ‘আমাদের বোলাররা এত বেশি ওভার বল করেছে যে ওদের বিশ্রাম প্রয়োজন। দলের একটি বিশেষ অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল। কিন্তু এতক্ষণ বল করার পর সেটা বাতিল করা হয়েছে। তবে ওদের আমরা অবশ্যই এক দিন নৈশভোজে নিয়ে যাব’।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৩৫২ রানের লিড নিয়েও জয় পায়নি ভারত। পঞ্চম দিনে ১২০ ওভার ব্যাট করে ২৩৯-৫ রানে ইনিংস শেষ করে কিউয়িরা। সেই ম্যাচের অভিজ্ঞতা থেকেই টেস্ট ক্রিকেটে বলের গুণমান এবং লালা ব্যবহারের নিয়ম নিয়ে নতুন করে আলোচনার দাবি উঠল ভারতীয় শিবির থেকে। আইসিসি এতে কর্ণপাত করে সাড়া দেয় কিনা , সেটাই দেখার।




