বিশ্ব তিরন্দাজিতে দুরন্ত সাফল্য পেল ভারতীয় মহিলা দল। রুদ্ধশ্বাস ফাইনালে আয়োজক চিনকে হারিয়ে মহিলাদের দলগত রিকার্ভ তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়ন হল তারা। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মোহোদ’দের দুরন্ত লড়াইয়ে ৫-৪ ব্যবধানে সহজেই আয়োজক দেশকে তাদেরই ঘরের মাঠে পরাজিত করে তিরন্দাজি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে সোনা জিতে নিলো ভারত।
ফাইনালের শুরু থেকেই দাপট দেখাতে থাকে দীপিকা কুমারী’রা। এদিন ফাইনালের প্রথম সেটে ৫৪-৫৩ স্কোরে জিতে এগিয়ে গেলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় চিন। ৫৫-৫২ ব্যবধানে এই সেটটি জিতে সমতা ফেরায় তারা। এরপর, তৃতীয় সেটেও এক পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় চিন। এরফলে, ২-৪ পয়েন্টে পিছিয়ে পড়ে ভারত। কিন্তু, চাপের মুখে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ভারতীয় দল। চতুর্থ সেটে ৫৪-৫৩ স্কোরে জয় পেয়ে সমতায় ফেরেন দীপিকা, অঙ্কিতা ও কুমকুম। চার সেট শেষে দুই দলের পয়েন্ট সমান হওয়ায় ম্যাচ গড়ায় শুট-অফে। সেখানেই নিজেদের স্নায়ুর চাপ বজায় রেখে ২৮-২৬ স্কোরে জয় ছিনিয়ে নেয় ভারত। শেষপর্যন্ত ৫-৪ ব্যবধানে জিতে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ওঠে ভারতের মাথায়।
Advertisement
তবে শুধু ফাইনাল নয়। এর আগে সেমিফাইনালেও দুর্দান্ত পারফর্ম করেছিল ভারতীয় দল। ফাইনালে ওঠার লড়াইয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়াকে ৫-১ ব্যবধানে হারিয়েছিলেন দীপিকা’রা। তার আগে প্রি-কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান এবং কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামকে হারিয়েছিল ভারত।
এবারের প্রতিযোগিতার শুরু থেকেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন ১৭ বছরের কুমকুম মোহোদের। প্রসঙ্গে বলা যায়, মহিলাদের দলগত রিকার্ভ তিরন্দাজিতে এ নিয়ে তৃতীয় বার বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। এর আগে ২০২১ সালে বিশ্বকাপের প্রথম ও তৃতীয় পর্বেও সোনা জিতেছিল ভারতীয় দল। সেই দলের নেতৃত্বেও ছিলেন দীপিকা কুমারী।
Advertisement
Advertisement



