• facebook
  • twitter
Sunday, 31 May, 2026

আইপিএল ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে চ্যাম্পিয়ন কে? কী বলছে বিসিসিআইয়ের নিয়ম

আইপিএল ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে চ্যাম্পিয়ন কে? কী বলছে বিসিসিআইয়ের নিয়ম। তবে আজকের এই ম্যাচ দুই দলের কাছেই নজির হতে যাচ্ছে।

আইপিএল ২০২৬-এর ফাইনালে রবিবার মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং গুজরাত টাইটান্স। ক্রিকেটপ্রেমীদের নজর এখন অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই মহারণের দিকে। তবে ম্যাচ ঘিরে উত্তেজনার পাশাপাশি একটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে—যদি বৃষ্টির কারণে ফাইনাল সম্পূর্ণ না হয়, তা হলে ট্রফি কার হাতে উঠবে?

এই পরিস্থিতির কথা মাথায় রেখেই আগেভাগে বিশেষ নিয়ম তৈরি করে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে বা অতিরিক্ত দিন রাখা হয়েছে। রবিবার আবহাওয়ার কারণে খেলা শুরু করা সম্ভব না হলে ম্যাচ সরাসরি গড়াবে সোমবারে। আবার খেলা শুরু হওয়ার পর বৃষ্টি বা অন্য কোনও প্রাকৃতিক কারণে ম্যাচ বন্ধ হয়ে গেলে, সোমবার সেই অবস্থান থেকেই খেলা পুনরায় শুরু হবে। নতুন করে ম্যাচ শুরু করার কোনও বিধান নেই।

Advertisement

কিন্তু যদি রবিবার ও সোমবার—দু’দিনই আবহাওয়ার কারণে খেলা সম্পূর্ণ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য রয়েছে বিশেষ নিয়ম। বিসিসিআইয়ের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, লিগ পর্বে যে দল পয়েন্ট তালিকায় এগিয়ে ছিল, তারাই চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হবে। সেই হিসাবে ট্রফি যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঝুলিতে। কারণ, লিগ পর্বের শেষে আরসিবি ছিল শীর্ষস্থানে, আর গুজরাত টাইটান্স শেষ করেছিল দ্বিতীয় স্থানে।

Advertisement

এই ফাইনাল দুই দলের কাছেই বিশেষ গুরুত্ব বহন করছে। উভয় দলের সামনেই রয়েছে দ্বিতীয়বার আইপিএল জয়ের সুযোগ। অন্যদিকে, বেঙ্গালুরু শিরোপা জিততে পারলে অধিনায়ক রজত পাটীদার একটি বিরল কৃতিত্বের মালিক হবেন। তিনি মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মার পর তৃতীয় অধিনায়ক হিসেবে টানা দু’বার আইপিএল জয়ের নজির স্পর্শ করবেন।

তবে আবহাওয়া নিয়ে আপাতত খুব বেশি উদ্বেগের কারণ দেখছেন না আবহবিদরা। পূর্বাভাস অনুযায়ী, রবিবার অহমদাবাদের আকাশ মূলত পরিষ্কার থাকবে। মেঘের উপস্থিতি সীমিত এবং বৃষ্টির সম্ভাবনা মাত্র পাঁচ শতাংশ। ফলে নির্ধারিত সময়ে পুরো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি।

সব মিলিয়ে, আইপিএল ২০২৬-এর ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। এখন দেখার, ট্রফি ওঠে বিরাট কোহলিদের বেঙ্গালুরুর হাতে, নাকি শুভমন গিলের গুজরাত নতুন ইতিহাস রচনা করে।

Advertisement