চুরি গিয়েছিল দেশের হকির ইতিহাসের এক অমূল্য সম্পদ। অবশেষে বেঙ্গালুরু পুলিশের তৎপরতায় সেটি ফিরে পেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএম সোমাইয়া। ১৯৮০-র মস্কো অলিম্পিকে ভারতীয় দলের জেতা সোনার পদক-সহ তাঁর চুরি যাওয়া আটটি পদকই উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। পদক ফিরে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিন বারের অলিম্পিয়ান। বলেছেন, ‘মনে হচ্ছে, যেন আবার অলিম্পিক পদক জিতলাম’।
গত ২৮ অক্টোবর বেঙ্গালুরুর নিউ থিপ্পাসান্দ্রায় সোমাইয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। সে সময় পরিবারের সঙ্গে নিজের আদি বাড়ি কুর্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। প্রতিবেশীরা বাড়ির দরজা খোলা দেখে তাঁকে খবর দেন। দ্রুত বেঙ্গালুরু ফিরে এসে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন সোমাইয়া। চুরি গিয়েছিল ১৯৮০-র অলিম্পিকের সোনার পদক-সহ তাঁর একাধিক আন্তর্জাতিক পদক, মূল্যবান সামগ্রী এবং নগদ টাকা।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং জানিয়েছেন, তদন্তে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের সঙ্গে এই চুরিতে আরও এক জন জড়িত ছিল। তার খোঁজ চলছে। চুরি যাওয়া আটটি পদক ছাড়াও ক্যামেরা, কোদাভা-ধাঁচের একটি ছুরি এবং অলিম্পিকের কিট ব্যাগ উদ্ধার হয়েছে।
পুলিশের হাতে ধরা পড়া দু’জনের নাম মণিক্য ওরফে মণিকান্ত এবং ভরত। পুলিশের বক্তব্য, একটি সোনার পদক ও একটি রুপোর পদক রাজাজিনগরের একটি সোনা কেনাবেচার সংস্থায় বিক্রি করা হয়েছিল। বাকি ছ’টি পদক এবং অন্যান্য সামগ্রী উদ্ধার হয় এক অভিযুক্তের বাড়ি থেকে।
পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন সোমাইয়া। তিনি বলেন, ‘বেঙ্গালুরু পুলিশের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। সীমান্ত কুমার সিং-এর নেতৃত্বে পুলিশ গত কয়েক দিন ধরে প্রচুর পরিশ্রম করেছে। শুধু পদকই নয়, আমার বাড়ি থেকে চুরি যাওয়া অন্যান্য মূল্যবান জিনিসও উদ্ধার করেছে।”
তদন্তকারী অফিসারদের আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘প্রথম দিন থেকেই ইন্দিরানগর থানার পুলিশ আমাদের আশ্বস্ত করেছিল যে পদকগুলি উদ্ধার করা হবে। কারণ, এই পদক শুধু আমার ব্যক্তিগত সম্মান নয়, রাজ্য ও দেশেরও সম্মান। পুলিশ অসাধারণ কাজ করেছে। অল্প সময়ের মধ্যে মামলাটির কিনারা করেছে’।
১৯৮০ সালের মস্কো অলিম্পিক্সে ভারতীয় হকি দলের সোনাজয় আজও দেশের ক্রীড়া ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। পুরুষদের হকিতে সেটিই ভারতের শেষ অলিম্পিক সোনা। সোমাইয়া ১৯৮০, ১৯৮৪ এবং ১৯৮৮—তিনটি অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮৮ সালের সিওল অলিম্পিকে ভারতীয় দলের অধিনায়কও ছিলেন তিনি। ১৯৮২-র দিল্লি এশিয়ান গেমসে রুপো এবং ১৯৮৬-র সিওল এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন।
পদকগুলির আবেগের মূল্য যে আর্থিক মূল্যের চেয়ে অনেক বেশি, তা স্পষ্ট করে দিয়েছেন সোমাইয়া। তিনি বলেন, ‘সেই সময়ে হকি ছিল অপেশাদার খেলা। বড় সাফল্যের জন্য কোনও আর্থিক পুরস্কার দেওয়া হত না। এই পদকগুলি বহু বছরের পরিশ্রমের স্মৃতি। এগুলি শুধু আমার সম্মান নয়, রাজ্য এবং দেশেরও সম্মান। বিশেষ করে অলিম্পিকের সোনার পদকটি আমার কাছে খুবই মূল্যবান। সেগুলি আবার ফিরে পেয়ে আমি ভীষণ খুশি’।
পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং-ও পদকগুলি সোমাইয়ার হাতে তুলে দিতে পেরে গর্বিত বলে জানিয়েছেন। তাঁর বক্তব্য, প্রথম দিকে কোনও সূত্র না থাকায় তদন্ত কঠিন হয়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত চুরি যাওয়া সব সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশের কাছে এই সাফল্য অত্যন্ত তৃপ্তির।




