• facebook
  • twitter
  • youtube
Thursday, 17 September, 2026

সৌরভের বায়োপিকের শুটিংয়ের ‘দোষে’ পিচ নষ্ট! ২৭ পয়েন্ট কাটা গেল কাউন্টির

পিচ খারাপ হয়েছিল। তার জন্য ২৭ পয়েন্ট কাটা গেল লেস্টারশায়ারের। আর সেই খারাপ পিচের অন্যতম কারণ হিসাবে উঠে এল সৌরভ গঙ্গোপাধ্যায়ের

সৌরভের বায়োপিকের শুটিংয়ের ‘দোষে’ পিচ নষ্ট! ২৭ পয়েন্ট কাটা গেল কাউন্টির

পিচ খারাপ হয়েছিল। তার জন্য ২৭ পয়েন্ট কাটা গেল লেস্টারশায়ারের। আর সেই খারাপ পিচের অন্যতম কারণ হিসাবে উঠে এল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং! ইংলিশ কাউন্টির ম্যাচে নিম্নমানের পিচ তৈরির অভিযোগে লেস্টারশায়ারকে ৫,০০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে। তবে বায়োপিকের শুটিংকে কারণ হিসাবে দেখানোর যুক্তি মানেনি ক্রিকেট ডিসিপ্লিন প্যানেল (CDP)।

ঘটনার সূত্রপাত গত মাসে লেস্টারের গ্রেস রোডে লেস্টারশায়ার বনাম গ্ল্যামারগনের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে। ২০ থেকে ২৩ অগাস্ট সেই ম্যাচে ৪২ রানে জিতেছিল লেস্টারশায়ার। কিন্তু ম্যাচ রেফারি পিচটিকে ‘পুওর’ বা নিম্নমানের বলে রিপোর্ট করেন। গ্ল্যামারগনের কোচ রিচার্ড ডসনও অভিযোগ করেছিলেন, পিচে অসমান বাউন্সের কারণে ব্যাটাররা আঘাত পেয়েছেন। ম্যাচে মোট ৪৩টি অসমান বাউন্স নথিবদ্ধ করেছিলেন ম্যাচ রেফারি ইয়ান রামেজ।

লেস্টারশায়ারের হেড গ্রাউন্ডসম্যান কলাম লেউইন অবশ্য পিচের পরিস্থিতির জন্য একাধিক কারণের কথা জানান। তাঁর বক্তব্য, প্রচণ্ড গরম এবং ম্যাচের চার দিন আগে হওয়া একটি ‘অনির্ধারিত’ বলিউড শুটিং পিচ তৈরির কাজে প্রভাব ফেলেছিল।

লেউইনের কথায়, ‘এটি ব্যবহৃত পিচ ছিল। ১০ সপ্তাহ আগে সেখানে দু’টি টি-টোয়েন্টি ম্যাচও হয়েছিল। ম্যাচের আগে এমন অনেক পরিস্থিতি তৈরি হয়েছিল, যেগুলি আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।’

এর পরেই আসে সৌরভের বায়োপিকের শুটিংয়ের প্রসঙ্গ। লেউইন বলেন, ‘ম্যাচের চার দিন আগে একটি বলিউড শুটিং হয়েছিল। আমাকে পিচে কাজ করতে দেওয়া হয়নি। এমনকী, পিচ ঢাকারও অনুমতি ছিল না।’

তবে লেস্টারশায়ারের সেই যুক্তি পুরোপুরি গ্রহণ করেনি CDP। প্যানেল জানিয়েছে, গ্রেস রোডে বলিউড ছবির শুটিং হয়েছিল মাত্র এক দিন। তাই সেটিকে পিচ খারাপ হওয়ার ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ হিসাবে মানা যায় না।

এর পরেই আসে শাস্তির পালা। গ্ল্যামারগনের বিরুদ্ধে জয়ের জন্য পাওয়া ১৯ পয়েন্ট কেড়ে নেওয়া হয়েছে লেস্টারশায়ারের। তার সঙ্গে যোগ হয়েছে আরও আট পয়েন্টের শাস্তি। ফলে মোট ২৭ পয়েন্ট হারিয়েছে কাউন্টি দলটি। পাশাপাশি ৫,০০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে। আরও আট পয়েন্টের শাস্তি আপাতত স্থগিত রাখা হয়েছে, ২০২৭ মরসুমের শেষ পর্যন্ত। ভবিষ্যতে পিচ সংক্রান্ত নিয়ম ভাঙলে সেই শাস্তিও কার্যকর হবে। লেস্টারশায়ার অবশ্য এখনও বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপের কথা ভাবছে।

পিচের শাস্তির ধাক্কায় কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে লেস্টারশায়ারের অবস্থাও আরও কঠিন হয়েছে। ১২ ম্যাচে তাদের জয় মাত্র দু’টি, ড্র ছ’টি। পয়েন্ট কেটে যাওয়ার পরে তারা টেবিলের নীচে চলে গিয়েছে এবং ডিভিশন ওয়ানে টিকে থাকার লড়াই আরও কঠিন হয়ে পড়েছে।