• facebook
  • twitter
  • youtube
Saturday, 21 November, 2026

২০২৭ থেকে ভারতে বিনামূল্যে ইউরোপের সেরা ক্লাব ফুটবল?— বড় ঘোষণা রিয়াল প্রেসিডেন্ট পেরেজের

এই পরিষেবায় বিজ্ঞাপন-সহ বিনামূল্যে ম্যাচ দেখার পাশাপাশি বিজ্ঞাপন ছাড়া অর্থের বিনিময়ে দেখার ব্যবস্থাও থাকতে পারে। তবে

২০২৭ থেকে ভারতে বিনামূল্যে ইউরোপের সেরা ক্লাব ফুটবল?— বড় ঘোষণা রিয়াল প্রেসিডেন্ট পেরেজের

Florentino Perez Photo-SNS

ইউরোপীয় ক্লাব ফুটবলের কোটি কোটি ভারতীয় সমর্থকের জন্য সুখবর। আর পছন্দের দলের খেলা দেখতে প্রতি মাসে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ফি দিতে হবে না! ২০২৭-২৮ মরসুম থেকে ভারতে বিনামূল্যে দেখা যেতে পারে উয়েফার ক্লাব প্রতিযোগিতার সেরা ম্যাচগুলি। এমনই এক ঐতিহাসিক ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

ভারত থেকেই পরীক্ষামূলক ভাবে শুরু হতে চলেছে এই নতুন স্ট্রিমিং ব্যবস্থা। পরে অন্য দেশেও তা চালু করার পরিকল্পনা রয়েছে। ফলে চ্যাম্পিয়ন্স লিগ-সহ ইউরোপের প্রথম সারির ক্লাব ফুটবল দেখার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। রিয়াল মাদ্রিদের সাধারণ সভায় শনিবার এই ঘোষণা করেন পেরেজ।

এই পরিকল্পনার বাস্তবায়ন কী ভাবে সম্ভব?

উয়েফা এবং ইউরোপিয়ান ফুটবল ক্লাবস (ইএফসি)-এর যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এর নাম UC3। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সমর্থকদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারবে ক্লাবগুলি। পেরেজ বলেন, ‘২০২৭-২৮ মরসুম থেকে উয়েফার ক্লাব প্রতিযোগিতার সেরা ম্যাচগুলি ভারতে বিনামূল্যে দেখা যাবে। এমন একটি স্ট্রিমিং পরিষেবার মাধ্যমে এই ম্যাচগুলি দেখানো হবে, যা ক্লাবগুলিকে সরাসরি তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেবে’।

ভারতকে এত গুরুত্ব কেন?

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। প্রায় ১৫০ কোটি মানুষের এই দেশে ফুটবলের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, লিভারপুলের মতো ইউরোপের ক্লাবগুলির সমর্থক প্রচুর। সেই বাজারকেই কাজে লাগাতে চাইছে উয়েফা এবং ইউরোপের বড় ক্লাবগুলি।

পেরেজের কথায়, ‘আমরা যে কোনও দেশের কথা বলছি না। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, যেখানে প্রায় ১৫০ কোটি মানুষের বাস। এটি বিশ্বের অন্যতম তরুণ জনসংখ্যার দেশ। এখানে ফুটবলের জনপ্রিয়তায় উন্নতির বিপুল সুযোগ রয়েছে। আর এই দেশে রিয়াল মাদ্রিদের লক্ষ লক্ষ সমর্থক রয়েছেন’।

ভারতের ফুটবল বাজারের সম্ভাবনা বোঝাতে মুম্বইয়ের এক ১৫ বছরের কিশোরের উদাহরণও দিয়েছেন রিয়াল সভাপতি। তাঁর কথায়, ‘ভাবুন, মুম্বইয়ের ১৫ বছরের একটি ছেলে এখন যেভাবে পারে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখে। অনেক সময় তাকে নিম্নমানের ছবি-সহ পাইরেটেড ওয়েবসাইটের উপর নির্ভর করতে হয়। এ বার সে বিনামূল্যে, আইনসম্মত ভাবে এবং সেরা মানের সম্প্রচার দেখতে পারবে’।

পেরেজ জানিয়েছেন, এই পরিষেবায় ক্লাবগুলি তাদের সমর্থকদের জন্য বিশেষ ভিডিও, পছন্দের ফুটবলারদের নিয়ে কনটেন্ট এবং ব্যক্তিগত বার্তা পাঠানোর সুযোগ পাবে। এমনকী, রিয়াল মাদ্রিদের সদস্যপদ কর্মসূচিতেও যোগ দেওয়ার সুযোগ থাকবে সমর্থকদের’।

সব ম্যাচ কি বিনামূল্যে দেখা যাবে?

এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়। পেরেজের ঘোষণা অনুযায়ী, উয়েফার ক্লাব প্রতিযোগিতার সেরা ম্যাচগুলি বিনামূল্যে দেখানো হবে। তার অর্থ এই নয় যে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ বা কনফারেন্স লিগের প্রতিটি ম্যাচ বিনামূল্যে দেখা যাবে। কোন কোন ম্যাচ এই পরিষেবার আওতায় থাকবে, তা এখনও স্পষ্ট করা হয়নি।

এই পরিষেবায় বিজ্ঞাপন-সহ বিনামূল্যে ম্যাচ দেখার পাশাপাশি বিজ্ঞাপন ছাড়া অর্থের বিনিময়ে দেখার ব্যবস্থাও থাকতে পারে। তবে প্ল্যাটফর্মের নাম, সম্প্রচারের বিস্তারিত সূচি এবং পরিষেবা চালুর নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি। পেরেজের এই উদ্যোগ সফল হলে ইউরোপীয় ক্লাব ফুটবলের সম্প্রচারের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যেতে পারে।