• facebook
  • twitter
  • youtube
Friday, 19 June, 2026

আটলান্টায় ইতিহাসের সাক্ষী বিশ্বকাপ, তিন মহিলা রেফারির হাতে ম্যাচের নিয়ন্ত্রণ

চলতি বিশ্বকাপে পেনসো, মায়ো ও নেসবিটের এই সম্মিলিত উপস্থিতি সেই যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে দিল।

বিশ্বকাপ ফুটবলে খেলা বা খেলোয়াড়দের নিয়ে আলোচনার চেয়ে যদি রেফারিদের নিয়ে বেশি চর্চা হয়, তা হলে ব্যাপারটা কেমন হয়? ঠিক এমনটাই হয়েছে বৃহস্পতিবারের চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যে গ্রুপ ‘এ’-র ম্যাচে।

বিশ্বকাপের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন তিন মহিলা। প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপ ম্যাচে দায়িত্ব পালন করে নজির গড়লেন সম্পূর্ণ মহিলা রেফারির এক দল। তিন মার্কিন মহিলা রেফারি টোরি পেনসো, ব্রুক মায়ো এবং ক্যাথরিন নেসবিটটের নাম বিশ্ব ফুটবলের ইতিহাসে তাই উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে।

আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও ফলাফলের চেয়ে বেশি আলোচনায় ছিল রেফারিং দল। ২০২৬ বিশ্বকাপের জন্য মোট ১৭০ জন ম্যাচ অফিসিয়াল নিয়োগ করেছে ফিফা, যার মধ্যে মাত্র ছজন মহিলা। তাই পেনসো, মায়ো ও নেসবিটের একসঙ্গে মাঠে নামা বিশ্ব ফুটবলে এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম দেয়।

যার কাছে ম্যাচের বাঁশি ছিল, সেই টোরি পেনসো এর আগেও ইতিহাস গড়েছেন। ২০২০ সালে তিনি দুই দশকেরও বেশি সময় পর প্রথম মহিলা হিসেবে মার্কিন মেজর লিগ সকার (MLS) ম্যাচ পরিচালনা করেন। ২০২১-এ পুরুষদের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রথম মহিলা রেফারিও হন তিনি। এ ছাড়া ২০২৩ মহিলা বিশ্বকাপের ফাইনালেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।

সহকারী রেফারি ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিটও আন্তর্জাতিক ফুটবলে পরিচিত নাম। নেসবিটের কাহিনী আবার আরও অবাক করে দেওয়ার মতো—পূর্ণ সময়ের রেফারি হওয়ার আগে তিনি রসায়নবিদ ও মাইক্রোবায়োলজিস্ট হিসেবে কাজ করতেন। অন্যদিকে, মায়ো মার্কিন ফুটবলে দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এবং সম্প্রতি বর্ষসেরা মহিলা রেফারির স্বীকৃতিও পেয়েছেন।
সোশ্যাল মিডিয়াতেও এই ঐতিহাসিক মুহূর্ত ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এক সমর্থক লিখেছেন, “আজ টোরি পেনসোর পারফরম্যান্স ছিল নিখুঁত। আমার মতে তিনি ১০-এর মধ্যে ১০ পাওয়ার যোগ্য এবং আশা করি, এই বিশ্বকাপে তাঁকে আরও ম্যাচে দেখা যাবে।”

বৃহস্পতিবার আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-এর ম্যাচে এক গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে চেকদের বিরুদ্ধে ১-১ ড্র করে দক্ষিণ আফ্রিকা। এর ফলে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করে তারা।

দক্ষিণ কোরিয়ার কাছে প্রথম ম্যাচে হারের পর চেক কোচ মিরোশ্লাভ কুবেক তাঁর দলের কাছে ‘দ্রুত শুরু’র আহ্বান জানিয়েছিলেন। তাঁর খেলোয়াড়রাও সেই বার্তার যথাযথ জবাব দেন। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় চেকিয়া। ডান দিক থেকে অ্যাডাম লসেক-এর ক্রসে আলেকজান্দ্রা জোকার বুদ্ধিদীপ্ত ফার্স্ট টাচে বল পেয়ে যান সাদিলেক, যিনি জোরালো শটে বল জালে জড়িয়ে দেন।

সাদিলেকের এই গোলটি আসে ম্যাচের ৫ মিনিট ৮ সেকেন্ডে, যা চলতি বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড গড়ে। এর আগে জার্মানির হয়ে কুরাসাওয়ের বিরুদ্ধে ফেলিক্স এনমেচা গোল করেছিলেন আরও ৮ সেকেন্ড পরে। প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করেছিল, কিন্তু আর কোনো গোল করতে পারেনি।

উল্লেখ্য, পুরুষদের বিশ্বকাপে নারী রেফারিদের অন্তর্ভুক্তির পথ প্রথম খুলেছিল ২০২২ কাতার বিশ্বকাপে, যখন স্টেফানি ফ্রাপার্ট প্রথম মহিলা রেফারি হিসেবে পুরুষদের বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করেন। চলতি বিশ্বকাপে পেনসো, মায়ো ও নেসবিটের এই সম্মিলিত উপস্থিতি সেই যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে দিল।