বিশ্বকাপ চলাকালীন আমেরিকার কড়া নিয়মের ফাঁসে এবার মিশর। নিউজিল্যান্ডকে হারিয়ে পরবর্তী ম্যাচের জন্য সরাসরি সিয়াটেলে যেতে চাইলেও সেই অনুমতি পাননি মহম্মদ সালাহ’র দল।
রবিবার কানাডার ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ডকে হারানোর পর ইরানের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতে সরাসরি সিয়াটেলে যাওয়ার আবেদন জানিয়েছিল তারা। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেই আবেদন খারিজ করে দেন আমেরিকা। ফলে ভ্যাঙ্কুভার থেকে প্রথমে নিজেদের বেস ক্যাম্প ওয়াশিংটনের স্পোকেনে ফিরতে হচ্ছে মিশরকে।
সেখান থেকে আবার সিয়াটেলে পৌঁছতে হবে তাদের। অতিরিক্ত এই যাতায়াত দলের ফুটবলারদের উপর শারীরিক চাপ বাড়াবে বলে মনে করছে তারা। বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ মিশরের কোচ হোসাম হাসান। আমেরিকার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, খেলোয়াড়দের ক্লান্তি কমানোর জন্যই সরাসরি সিয়াটলে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে নিরাপত্তাজনিত কারণে তাদের সেই সুযোগ দেওয়া হয়নি।
এই প্রসঙ্গে বলা যায়, এর আগে একইধরনের সমস্যার মুখে পড়েছিল ইরানও। লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের আগে শহরে পৌঁছতে চাইলেও অনুমতি পায়নি তারা। বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন ইরানের কোচ আমির ঘালেনোই।




