আইএসএল ফুটবলে ৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গণে এই কঠিন ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে। খেলাটি শেষ হয় গোলশূন্যভাবে। যদি লাল-হলুদ ব্রিগেড এই ম্যাচে জিততে পারত, তাহলে খেতাব জয়ের লক্ষ্যে বড় পদক্ষেপ রাখত। এদিন ইস্টবেঙ্গলের দাপট কোনও সময়ের জন্য দেখতে পাওয়া যায়নি। পাঞ্জাবের রক্ষণভাগ যেভাবে ব্যারিকেড সৃষ্টি করেছিল, সেই ব্যারিকেড ভেঙে গোল করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি ইস্টবেঙ্গল। খেলার শুরুতে ইস্টবেঙ্গল যেভাবে আক্রমণ শানাতে চেষ্টা করেছিল, তা কোনও সময়ের জন্য সফল হয়নি।
প্রথম একাদশে সৌভিক চক্রবর্তীকে দলে রেখে রক্ষণভাগকে সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই সৌভিক ১৫ মিনিটের মধ্যেই হলুদ কার্ড দেখেন। হলুদ কার্ড দেখার পরেই সৌভিককে তুলে নেওয়া হয়। মাঝমাঠ ছন্নছাড়া, হলুদ কার্ড দেখা ছাড়া সেভাবে বিশেষ কিছুই করতে পারলেন না মহম্মদ রশিদ, মিগুয়েল ফিগুয়েরারা। গোলমুখী শটেও এগিয়ে পাঞ্জাব। না মাঝমাঠে সুযোগ তৈরি হল, না গোলের কাছাকাছি পৌঁছতে পারলেন ইউসেফ এজ্জেজারিরা। রক্ষণে আনোয়ার, কেভিন সিবিল্লেরা ভরসা দিলেন। একাধিকবার দলের পতন রোধ করেন গোলকিপার প্রভসুখন গিল। কিন্তু বারবার দানি রামিরেজরা আটকে দিলেন লাল-হলুদ আক্রমণকে। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল খেলা ড্র করে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকল।
Advertisement
Advertisement
Advertisement



