• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

ডুরান্ড কাপ শুরু হবে কলকাতা ডার্বি দিয়ে, জেনে নিন কবে, কোথায় সেই ম্যাচ

ভারতীয় ক্লাব ফুটবলের সেরা ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে ১৩৫তম ডুরান্ড কাপ। মরসুমের শুরুতেই মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান।

ডুরান্ড কাপ শুরু হবে কলকাতা ডার্বি দিয়ে, জেনে নিন কবে, কোথায় সেই ম্যাচ

Photo Source- x

ভারতীয় ক্লাব ফুটবলের সেরা ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে ১৩৫তম ডুরান্ড কাপ। মরসুমের শুরুতেই মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান। রেকর্ড ১৭ বারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট এবং ১৬ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি-র দ্বৈরথ দিয়ে। ২৫ জুলাই কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে এই হাইভোল্টেজ ম্যাচ।

 

ডুরান্ড কাপ আয়োজক কমিটি বৃহস্পতিবার যে সূচী ঘোষণা করেছে, তাতে কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য এই সুখবরই দেওয়া হয়েছে। ডার্বির মাধ্যমেই এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের আরও এক জমজমাট আসরের পর্দা উঠতে চলেছে। ২৪টি দলকে নিয়ে ছ’টি গ্রুপে ভাগ করে হবে এবারের ডুরান্ড কাপ। পাঁচটি শহরে ২৫ জুলাই থেকে ২৩ আগস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এক মাসব্যাপী এই ফুটবল উৎসবে অংশ নেবে ভারতের প্রধান ক্লাবগুলি। এ ছাড়াও সার্ভিসেস দল, কয়েকটি উঠতি ফুটবল প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক দলও থাকছে।

 

এবারের ডুরান্ড কাপের ম্যাচগুলি হবে কলকাতা, রাঁচি, ইম্ফল, শিলং এবং গুয়াহাটিতে।

 

গ্রুপ ‘এ’-তে রয়েছে রেকর্ড ১৭ বারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট, ১৬ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি, সাউথ ইউনাইটেড এফসি এবং সিআইএসএফ প্রোটেক্টর্স। স্বাভাবিকভাবেই নজরের কেন্দ্রবিন্দুতে থাকবে ২৫ জুলাইয়ের উদ্বোধনী কলকাতা ডার্বি, যেখানে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি। ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী এই দ্বৈরথ দিয়েই টুর্নামেন্টের যবনিকা উঠবে। গ্রুপ পর্বে মোহনবাগানের শেষ ম্যাচ ১০ আগস্ট, প্রতিপক্ষ সিআইএসএফ প্রোটেক্টর্স।

 

গ্রুপ ‘বি’-তে রয়েছে মহামেডান এসসি, ইন্ডিয়ান আর্মি এফটি এবং ডুরান্ড কাপে অভিষেক হওয়া বাঘপত এফসি ও সমলেশ্বরী স্পোর্টিং।

 

রাঁচি প্রথমবারের মতো ডুরান্ড কাপের আয়োজক শহর হিসেবে আত্মপ্রকাশ করছে। বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রুপ ‘সি’-র সব ম্যাচ। এই গ্রুপে রয়েছে আইএসএল-এর জামশেদপুর এফসি, স্পোর্টিং ক্লাব দিল্লি, ইন্ডিয়ান এয়ার ফোর্স এফটি এবং শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর দল ডিফেন্ডার্স এফসি, যারা এবারই প্রথম ডুরান্ড কাপে অংশ নিচ্ছে।

 

গ্রুপ ‘ডি’-তে রয়েছে মণিপুরের ট্রাউ এফসি, নেরোকা এফসি, এফসি রেংদাই এবং ইন্ডিয়ান নেভি এফটি।

 

শিলংয়ে অনুষ্ঠিত হবে গ্রুপ ‘ই’-র ম্যাচগুলি, যেখানে ঘরের মাঠে খেলবে শিলং লাজং এফসি, লাংসনিং এফসি এবং মেঘালয় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন নংকসেহ এসএস অ্যান্ড সিসি। তাদের সঙ্গে থাকবে মহারাষ্ট্রের ডুরান্ড অভিষেককারী মুম্বাই এফসি।

 

গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে গ্রুপ ‘এফ’, যেখানে টানা দু’বারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে অভিযান শুরু করবে। তাদের সঙ্গে রয়েছে বোডোল্যান্ড এফসি, এফসি১ এবং কার্বি আংলং মর্নিং স্টার এফসি।

 

লিগ পর্ব শেষ হওয়ার পর ছ’টি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্স-আপ দল নকআউট পর্বে উঠবে। কোয়ার্টার ফাইনাল শুরু হবে ১৬ আগস্ট। প্রথম ম্যাচ হবে রাঁচিতে এবং দ্বিতীয়টি কলকাতায়। বাকি দুটি কোয়ার্টার ফাইনাল হবে ১৭ আগস্ট, যথাক্রমে কলকাতা ও শিলংয়ে।

 

প্রথম সেমিফাইনাল হবে ১৯ আগস্ট কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। দ্বিতীয় সেমিফাইনাল হবে ২০ আগস্ট শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। ২৩ আগস্ট কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে ১৩৫তম ইন্ডিয়ানঅয়েল ডুরান্ড কাপের। সেদিনই মুকুট উঠবে নতুন চ্যাম্পিয়নদের মাথায়।

 

গ্রুপ বিন্যাস ও পূর্ণাঙ্গ সূচী ঘোষণার পর এখন সব নজর মাঠের লড়াইয়ে। ২৪টি অংশগ্রহণকারী দল মর্যাদাপূর্ণ ডুরান্ড কাপ জয়ের লক্ষ্যে নামবে। ২৫ জুলাইয়ের ঐতিহাসিক কলকাতা ডার্বি থেকে শুরু করে ২৩ আগস্টের ফাইনাল পর্যন্ত, ১৩৫তম ইন্ডিয়ানঅয়েল ডুরান্ড কাপ এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের ইতিহাসে আরও একটি স্মরণীয় অধ্যায় রচনা করতে চলেছে।

 

১৩৫তম  ডুরান্ড কাপের ম্যাচগুলি সরাসরি সম্প্রচার করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। পাশাপাশি SonyLIV অ্যাপেও ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে।