বয়স ৪৫ ছুঁইছুঁই। চোট-আঘাতও বার বার তাঁর ক্রিকেটজীবনে প্রশ্নচিহ্ন তৈরি করছে। তবু মহেন্দ্র সিংহ ধোনিকে ঘিরে আগ্রহের শেষ নেই। ২০২৭-এর আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে খেলবেন কি না, খেললেও তাঁকে কী ভূমিকায় দেখা যাবে— এই প্রশ্নের উত্তর কী হতে পারে, এতদিনে তার আন্দাজ পাওয়া গেল।
জানা গিয়েছে ধোনি নিজেই নাকি বলেছেন যে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামতে চান না তিনি। তাঁর ইচ্ছা, পুরো ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করার।
এই কথা জানিয়েছেন ধোনির প্রাক্তন সতীর্থ সুব্রহ্মণ্যম বদ্রীনাথ। তিনি তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘ধোনি ব্যক্তিগত ভাবে আমাকে বলেছে যে, সে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলবে না। সে নিজেকে পুরো সময়ের উইকেটরক্ষক হিসাবেই দেখে। আর তার মানে হল, তাকে পুরো ২০ ওভারই মাঠে থাকতে হবে’।
তবে বদ্রীনাথের মতে, ধোনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেললে কৌশলগত ভাবে চেন্নাই সুপার কিংসের সুবিধা হতে পারে। কারণ, তাঁর শরীর দীর্ঘ সময়ের ধকল নিতে পারছে না। তিনি বলেন, ‘আমার মনে হয়, ও যদি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলে, তা হলে কৌশলগত ভাবে সিএসকের লাভ হবে। তার শরীর দীর্ঘ সময়ের ধকল নিতে পারছে না— স্টিফেন ফ্লেমিংও এই কথা বলেছে। ও সম্ভবত ১৬ ওভারের পর ব্যাট করতে নামবে এবং কিপিং করবে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ওকে ব্যবহার করাই ভালো’।
এখানেই শেষ নয়। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে সিএসকে-র পরিকল্পনায় সমস্যা হচ্ছে—এই যুক্তিও মানতে নারাজ বদ্রীনাথ। বিশেষ করে শিবম দুবেকে বল হাতে যথেষ্ট ব্যবহার না করার জন্য তিনি সরাসরি দলের ম্যানেজমেন্টকেই দায়ী করেছেন।
বদ্রীনাথের কথায়, ‘শিবম দুবে ভারতের হয়ে বল করছে, অথচ সিএসকের হয়ে করছে না—এর জন্য ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মকে দায়ী করা যায় না। এর সঙ্গে সিএসকে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এবং দুবেকে বল হাতে ঠিক ভাবে ব্যবহার না করার বিষয়টা জড়িত। তাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে কেন ব্যবহার করা হচ্ছে? নিয়মকে দোষ দেওয়া যায় না’।
অর্থাৎ, ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই বদ্রীনাথের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট— খেলা চালিয়ে গেলে ইমপ্যাক্ট প্লেয়ার নয়, পুরো সময়ের উইকেটরক্ষক হিসাবেই নিজেকে দেখতে চান ধোনি। তবে ২০২৭ আইপিএলে তাঁর অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ধোনির নিজের ওপরই নির্ভর করছে।




