ক্রিকেটের মাঠে দু’জনের সম্পর্ক নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু মাঠের বাইরে তাঁদের একসঙ্গে সময় কাটানোর একটি ভিডিও এ বার ঝড় তুলেছে সমাজমাধ্যমে। সেখানে এক পার্টিতে ঋষভ পন্থকে দেখা যাচ্ছে বেশ ফুরফুরে মেজাজে। পাশে মহেন্দ্র সিং ধোনি। টেবিলে সাজানো নানা রঙের পানীয়। আর ভিডিওর একটি অংশে ধোনিকে বলতে শোনা যাচ্ছে, ‘ ম্যায় নিচে জাকে জারা হুক্কা পিকে আতা হুঁ (আমি একটু নীচে গিয়ে হুক্কা খেয়ে আসছি)’।
সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিওটি সম্ভবত কোনও হোটেলের ঘরে তোলা। সেখানে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যাচ্ছে পন্থ এবং ধোনিকে। পন্থকে সোফায় প্রায় আধশোয়া অবস্থায় দেখা যায়। তাঁকে দেখে বেশ নেশাগ্রস্ত বলেই মনে হয়েছে।
ভিডিওয় দেখা যায়, পন্থ বার বার ধোনিকে ডাকছেন। পরে ধোনি তাঁর কাছে এসে হাত মেলান। তার পরেই বলেন, ‘আমি একটু হুক্কা খেয়ে আসছি’। ভিডিওটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা যায়নি। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে নানা রকম আলোচনা।
‘ এই পার্টির পরেই ধামিকে মেসেজ?’
পন্থ এবং ধোনির বন্ধুত্ব নিয়ে অবশ্য নতুন করে কোনও আলোচনা হয়নি। ২০২৬-এর আইপিএলের পরেও দু’জনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল। রাঁচি থেকে শুরু করে ইংল্যান্ডে ভারতের ম্যাচ— বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে।
এরই মধ্যে পন্থের একটি পুরনো সমাজমাধ্যম পোস্টও টেনে এনেছেন নেটাগরিকদের একাংশ। ইংল্যান্ড সফরের সময় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে সরাসরি পোস্ট করে সে রাজ্যে জমি দেওয়ার আবেদন করেছিলেন পন্থ। রাতের সেই পোস্টে একাধিক বানান ভুলও ছিল।
Dhoni at 0:21 “Rukk… Hukka peeke aata hu.” 😅#Dhoni #RishabhPant #Cricket pic.twitter.com/R5Mc2UE9hf
— CREX (@Crex_live) September 2, 2026
সাম্প্রতিক ভাইরাল ভিডিওটি সামনে আসার পর এক ব্যক্তি সেই ঘটনার সঙ্গে ভিডিওর এই পার্টির যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে লিখেছেন, ‘মনে হচ্ছে, এই পার্টির পরেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে মেসেজ করেছিলেন।’
আর একাংশের চোখে অবশ্য গোটা বিষয়টিই ধোনি-পন্থের বন্ধুত্বের আর একটি মজার মুহূর্ত। আইপিএলের পর থেকেই তাঁদের একসঙ্গে সময় কাটানোর ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে নিয়মিত নজর কেড়েছে।
‘ হুক্কা’ নিয়ে আগেও চর্চা*
ধোনির সঙ্গে হুক্কার সম্পর্ক অবশ্য ক্রিকেটমহলে নতুন নয়। অবসর নেওয়ার পরেও তাঁকে হুক্কা বা শিসায় ধূমপান করতে দেখা গিয়েছে। প্রাক্তন সতীর্থদের কথাতেও একাধিকবার উঠে এসেছে, ভারতীয় দলের হোটেলে ধোনির ঘর অনেক সময়ই তরুণ ক্রিকেটারদের আড্ডার জায়গা হয়ে উঠত এবং সেই আড্ডায় অনেক কিছুই থাকত।
তাঁর ঘরে সতীর্থদের জন্য অনেকটা ‘ওপেন ডোর’ নীতি থাকত বলেও প্রাক্তন ক্রিকেটাররা অনেকে জানিয়েছেন। সেখানে ক্রিকেট নিয়ে আলোচনা থেকে নিছক আড্ডা—সবই চলত। অতীতেও ধোনির হুক্কা খাওয়ার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
নতুন ভিডিওকে ঘিরে তাই নেটপাড়ায় মূলত পন্থ-ধোনির বন্ধুত্ব নিয়েই চর্চা চলছে। মাঠে দুই প্রজন্মের উইকেটকিপারের সম্পর্ক যেমন বহুচর্চিত, তেমনই মাঠের বাইরের এই ‘বন্ধুত্ব’ও যে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে, এই ভাইরাল ভিডিওই ফের তা দেখিয়ে দিল।




