• facebook
  • twitter
  • youtube
Monday, 26 October, 2026

ডাবল সেঞ্চুরির এক রান আগে বিতর্কিত আউট পাডিক্কাল, আম্পায়ারের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে পাডিক্কালের এই ইনিংস ভারতীয় দলের নির্বাচকদের নজর কাড়বে। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে দুই টেস্টের সিরিজ। তার আগে নিউজিল্যান্ডের পরিবেশে তাঁর ব্যাটিং বিশেষ তাৎপর্যপূর্ণ।

ডাবল সেঞ্চুরির এক রান আগে বিতর্কিত আউট পাডিক্কাল, আম্পায়ারের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক

Photo: X

ডাবল সেঞ্চুরির স্বপ্নভঙ্গ! মাত্র এক রানের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে আরও একটি স্মরণীয় ইনিংসের সুযোগ হাতছাড়া হল দেবদত্ত পাডিক্কালের। নিউজিল্যান্ড এ-র বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টের তৃতীয় দিনে ১৯৯ রানে আউট হলেন ভারতীয় এ দলের বাঁহাতি ব্যাটার। তবে তাঁর আউট হওয়ার সিদ্ধান্ত ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় পাডিক্কালকে।

লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে সোমবার ২৪৮ বলে ১৯৯ রান করেন পাডিক্কাল। তাঁর ইনিংসে ছিল ২৪টি চার ও তিনটি ছক্কা। জাক গিবসনের বলে উইকেটকিপার মিচেল হে-র হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। কিন্তু বলটি ব্যাটে লেগেছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাডিক্কালও আম্পায়ারের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন। তাঁর অঙ্গভঙ্গিতে স্পষ্ট ছিল, বল ও ব্যাটের মধ্যে ব্যবধান ছিল বলেই তিনি মনে করেন।

বেসরকারি টেস্টে ডিআরএসের ব্যবস্থা না থাকায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনও সুযোগ ছিল না। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁকে।

একা হাতে লড়াই পাডিক্কালের

প্রথম ইনিংসে মাত্র ১১৩ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত এ-র ইনিংস। জবাবে নিউজিল্যান্ড এ ৩১৭ রান তুলে ২০৪ রানের লিড নেয়। সেই চাপের মুখে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও শুরুটা ভাল হয়নি ভারতের। যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল দ্রুত ফিরে যাওয়ায় আবার চাপে পড়ে দল।

দ্বিতীয় দিনের শেষে ১০৬ রানে দুই উইকেট হারিয়েছিল ভারত। পাডিক্কাল ৫৬ এবং সাই সুদর্শন ৩৯ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে সেখান থেকেই ইনিংস এগিয়ে নিয়ে যান পাডিক্কাল। সুদর্শনের সঙ্গে তৃতীয় উইকেটে ২১৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। সুদর্শন করেন ৯১ রান।

এর পর যশ রাঠৌড়ের সঙ্গে আরও ১৪২ রানের পার্টনারশিপ গড়েন পাডিক্কাল। রাঠৌড়ের অবদান ৬৬ রান। একের পর এক পার্টনারশিপ গড়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন কর্নাটকের এই ব্যাটার।

দিনের শেষে ভারত এ-র দ্বিতীয় ইনিংসের রান ৪৮৮/৮। হাতে দু’উইকেট নিয়ে তাদের মোট লিড ২৮৪ রানের। ওয়াশিংটন সুন্দর ৫১ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে বিপর্যয়ের পরে পাডিক্কালের ব্যাটিং ভারতকে ম্যাচে চালকের আসনে বসিয়েছে।

নিউজিল্যান্ড সফরের আগে বড় বার্তা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে পাডিক্কালের এই ইনিংস ভারতীয় দলের নির্বাচকদের নজর কাড়বে। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে দুই টেস্টের সিরিজ। তার আগে নিউজিল্যান্ডের পরিবেশে তাঁর ব্যাটিং বিশেষ তাৎপর্যপূর্ণ।

এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজেও দুরন্ত ফর্মে ছিলেন পাডিক্কাল। প্রথম টেস্টে ১৬৭ ও ৪৪ রান করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছিল ১১৭ রান।

নিউজিল্যান্ড এ-র বিরুদ্ধে ১৯৯ রানের ইনিংস আরও এক বার দেখিয়ে দিল, চাপের মুখে বড় রান করার ক্ষমতা রয়েছে এই বাঁহাতি ব্যাটারের। কিন্তু ডাবল সেঞ্চুরির এত কাছে এসে বিতর্কিত সিদ্ধান্তে আউট হওয়ার আক্ষেপও সহজে ভুলতে পারবেন না তিনি।