• facebook
  • twitter
  • youtube
Wednesday, 1 July, 2026

সুইডেনকে তিন গোলে হেলায় হারিয়েও সন্তুষ্ট নন ফরাসি কোচ দেশঁ, কেন বললেন ‘এখনও উন্নতির অনেক জায়গা আছে’

বুধবার নিউ জার্সির ম্যাচে কিলিয়ান এমবাপের জোড়া গোল এবং ব্র্যাডলি বারকোলার গোলে সহজ জয় তুলে নেয় ফ্রান্স

সুইডেনকে তিন গোলে হেলায় হারিয়েও সন্তুষ্ট নন ফরাসি কোচ দেশঁ, কেন বললেন ‘এখনও উন্নতির অনেক জায়গা আছে’

Photo: Representational Image

সুইডেনকে কার্যত উড়িয়ে দিয়ে অনায়াসে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠে গিয়েছে ফ্রান্স। কিন্তু দলের এই দাপুটে জয়ের পরও সন্তুষ্ট নন প্রধান কোচ দিদিয়ের দেশঁ। তাঁর মতে, প্রতিপক্ষ যত শক্তিশালী হবে, ফ্রান্সকে ততই নিজেদের আরও উন্নত করে তুলতে হবে।

বুধবার নিউ জার্সির ম্যাচে কিলিয়ান এমবাপের জোড়া গোল এবং ব্র্যাডলি বারকোলার গোলে সহজ জয় তুলে নেয় ফ্রান্স। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। তবে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে দেশঁ জানিয়ে দেন, ফল যতই ভালো হোক না কেন, তাঁর দলের এখনও অনেক কিছু শেখার এবং উন্নতি করার বাকি রয়েছে।

এ দিন সারা ম্যাচে ফরাসিরা ২৫টি শট নেয়, যেখানে সুইডেনের শট ছিল মাত্র ৭টি। প্রথমার্ধেই ফরাসিদের শটের সংখ্যা ছিল ১৫। তাদের মোট ১২টি শট ছিল লক্ষ্যে। ১৫টি শট তারা নেয় বক্সের মধ্যে থেকে এবং বাইরে থেকে বাকি দশটি। মোট ৫৪৮টি পাস খেলে তারা, যার মধ্যে ৪৯৮টিই ছিল নিখুঁত।

দল এত এত ভাল ও বিশুদ্ধ ফুটবল খেলা সত্ত্বেও হেড কোচ দিদিয়ে দেশঁ বলেন, ‘আমরা যা করার দরকার ছিল, সেটাই করেছি। যদিও ম্যাচের প্রথম ১৫ মিনিটে আমরা একটু সতর্ক ছিলাম। আমরা অনেক সুযোগ তৈরি করেছি। একমাত্র আক্ষেপ, প্রথমার্ধে আমরা যথেষ্ট কার্যকরী হয়ে উঠতে পারিনি। আমরা আরও আগেই ম্যাচের নিষ্পত্তি করে ফেলতে পারতাম। তবে আমরা ওদের এতটা দৌড় করিয়েছি যে বিরতির পর ম্যাচটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যায়।’

প্রথমার্ধে ফ্রান্স একের পর এক সুযোগ তৈরি করলেও সেগুলোর সবকটি কাজে লাগাতে পারেনি। এমবাপের একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়, আরেকটি শট পোস্টে লাগে। মাইকেল অলিসের দুর্দান্ত ওভারহেড কিকও ক্রসবারে আঘাত করে ফিরে আসে। শেষ পর্যন্ত বিরতির ঠিক আগে এমবাপে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে বারকোলা ও ফের এমবাপে গোল করে জয় নিশ্চিত করেন।

এরকম বড় জয়ের পরও উন্নতির জায়গা খুঁজে পাচ্ছেন এমবাপেদের হেডস্যার। তিনি বলেন, “উন্নতির সুযোগ সব সময়ই থাকে। সমস্যা খুঁজে বের করতে হবে, ভয় পাওয়ার কিছু নেই! সবকিছু নিখুঁত নয়। আমাদের এগিয়ে যেতে হবে। এখনও ছোট ছোট কিছু বিষয় সংশোধন করার আছে।”

ফরাসি কোচ আরও বলেন, ‘প্রতিপক্ষের মান ও শক্তি যত বাড়বে, আমাদেরও আরও ভালো খেলতে হবে। আজ আমরা ভালো খেলেছি, কিন্তু সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।’ ৪ জুলাই শেষ ষোলোয় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। যে প্যারাগুয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে শেষ ১৬-য় পা রেখেছে।

দেশঁ বিশেষভাবে প্রশংসা করেন দলের আক্রমণাত্মক মানসিকতার। তাঁর মতে, ‘দল যেভাবে নিয়মিত গোলের সুযোগ তৈরি করছে, সেটাই সবচেয়ে ইতিবাচক দিক। তবে সেই সুযোগগুলোকে আরও কার্যকরী করে তুলতে পারলে ফ্রান্স আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।’

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা বাড়তি উচ্ছ্বাসে ভেসে যেতে চাই না। এই মুহূর্তটা উপভোগ করব, তারপর ৪৮ ঘণ্টার মধ্যেই আবার বাস্তবে ফিরে আসব। আমরা জানি, চার দিন পর আমাদের জন্য কী অপেক্ষা করছে। প্রথমে এই জয়টা উপভোগ করার জন্য কিছুটা সময় নেব। তারপর আবার সবকিছু নতুন করে শুরু করার জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে হবে।’