• facebook
  • twitter
  • youtube
Sunday, 21 June, 2026

যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কোচ করার পরিকল্পনা

ভারতের নতুন প্রজন্মের বেশ কয়েকজন ব্যাটসম্যানের মেন্টর হিসেবে তিনি ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন

যুবরাজ সিং (Photo: IANS)

আইপিএলের মঞ্চে নতুন ভূমিকায় দেখা যেতে পারে ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং-কে। জানা গিয়েছে, আইপিএল ২০২৭ মরশুমের আগে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিতে চলেছেন যুবরাজ। আইপিএল ফ্র্যাঞ্চাইজি সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুবরাজের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং আগামী মরশুম থেকেই তিনি কোচিং স্টাফের অংশ হয়ে উঠতে পারেন। সত্যিই যদি তা হয়, তা হলে এটিই হবে কোচ হিসেবে আইপিএলে তাঁর প্রথম পদক্ষেপ।

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তাঁর এই সম্ভাব্য সম্পর্ক আরও তাৎপর্যপূর্ণ, কারণ এই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। গত কয়েক বছর ধরে তিনি দিল্লির ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট-সংক্রান্ত পরিকল্পনা, দল গঠন এবং নিলাম কৌশলের সঙ্গে যুক্ত রয়েছেন।

যুবরাজের ক্রিকেট-জীবনের অন্যতম বড় পরিচয় তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার দক্ষতা। ভারতের নতুন প্রজন্মের বেশ কয়েকজন ব্যাটসম্যানের মেন্টর হিসেবে তিনি ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে তরুণদের মানসিক দৃঢ়তা ও সাদা বলের ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রশিক্ষণে তাঁর ভূমিকা নিয়ে ক্রিকেট মহলে যথেষ্ট চর্চা হয়।

অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ও ভবিষ্যতে আরও সক্রিয় কোচিং ভূমিকায় আসার আগ্রহের কথা একাধিকবার জানিয়েছেন। তিনি ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন, যা তাঁর কোচিং জীবনের প্রথম বড় দায়িত্ব। দিল্লি ক্যাপিটালস গত কয়েক মরশুম ধরে খেতাবের দৌড়ে থাকলেও ট্রফি জিততে পারেনি। হয়তো সেই কারণেই দলের কোচিং নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করেছেন এই ফ্র্যাঞ্চাইজির কর্তারা। যুবরাজের মতো একজন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের উপস্থিতি দলের ব্যাটিং বিভাগে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।