পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিলেন। অনুষ্ঠান মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এই প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার এই রাজ্যে ক্ষমতায় এল।
এদিনের অনুষ্ঠানে বিদগ্ধ ব্যক্তিদের মধ্যেও ক্রীড়া জগতের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সিএবি-র পক্ষ থেকে শুভেচ্ছা জানান বাংলার প্রাক্তন ক্রিকেটার ও কোচ লক্ষ্মীরতন শুক্লা। এখানে উল্লেখ করা যেতে পারে, ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে রাজ্য সরকারের বেশ কিছুদিন অতিবাহিত করেছেন।
গত পাঁচ বছর আগেই লক্ষ্মীরতন ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারপরে আর রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। শুভেন্দুকে অভিনন্দন জানিয়ে প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা লেখেন, ‘পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেন্দু অধিকারীকে অভিনন্দন।’ নবনিযুক্ত মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানোর সঙ্গে একটি ছবিও পোস্ট করেন লক্ষ্মী।
Advertisement
এখানে উল্লেখ করা যেতে পারে, গত মন্ত্রীসভায় আরও এক প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। কিন্তু এবারের নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন না। তবে এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা ও অলিম্পিয়ান হকি খেলোয়াড় ভরত ছেত্রী। এই দুই খেলোয়াড়ই জয়লাভ করেছেন। আগে থেকেই শোনা যাচ্ছিল, ক্রীড়ামন্ত্রী হিসেবে বিজেপি দলের পক্ষ থেকে যিনি নির্বাচিত হবেন, তিনি পূর্ণমন্ত্রী হবেন। তাই হয়তো অশোক দিন্দার নামটার উপরে সিলমোহর পড়তে চলেছে। ক্রীড়ামন্ত্রী হিসেবে গত ১৫ বছর দু’জন প্রাক্তন ক্রিকেটারকে দেখতে পাওয়া গেলেও এবারেও আরও এক বাংলার জাতীয় দলের ক্রিকেটার এই পদে আসতে চলেছেন। এবারের নির্বাচনে তিনজন ক্রীড়াবিদ হার স্বীকার করেছেন। এঁরা হলেন প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, অ্যাথলিট স্বপ্না বর্মণ এবং ক্রিকেটার শিবশঙ্কর পাল।
Advertisement
Advertisement



