বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২-এ হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে ইংল্যান্ড। তবে জয়ের উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ কোচ থমাস টুখেল। ঘানার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দল নামানোর আগে আগে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দলের রক্ষণভাগের পারফরম্যান্সে এখনও বড়সড় উন্নতির প্রয়োজন রয়েছে।
ভারতীয় সময় অনুযায়ী বুধবার মাঝরাতে ঘানাকে হারাতে পারলে নকআউট পর্বে ওঠার রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে ইংল্যান্ডের। কিন্তু টুখেলের মতে, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচটি তাঁর দলের জন্য ছিল একটি ‘ওয়েক-আপ কল’ বা সতর্কবার্তা।
সাংবাদিক বৈঠকে ইংল্যান্ড কোচ বলেন, “ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচটি আমাদের জন্য একটি ওয়েক আপ কল ছিল। আমরা বুঝতে পেরেছি যে রক্ষণকে আরও শক্তিশালী করতে হবে।”
সে দিন প্রথমার্ধে ইংল্যান্ড বারবার নিজেদের অর্ধে নেমে গিয়েছিল এবং প্রতিপক্ষকে অনেক বেশি জায়গা দিয়েছিল বলে মনে করেন টুখেল। তাঁর কথায়, “আমরা খুব দ্রুত পিছিয়ে গিয়েছিলাম। আমাদের আরও সাহসী হতে হবে এবং বলের দখল বজায় রাখতে হবে।”
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে আক্রমণভাগকে ধারালো লাগলেও রক্ষণভাগে বেশ কিছু দুর্বলতা চোখে পড়ে। বিশেষ করে বলের দখল হারানোর পর দলের শেপ নষ্ট হয়ে যাওয়া এবং প্রতিপক্ষকে পাল্টা আক্রমণের সুযোগ দেওয়া নিয়ে উদ্বেগ রয়েছে।
টুখেল জানিয়েছেন, ঘানার বিরুদ্ধে সম্পূর্ণ ভিন্ন ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাঁর মতে, আফ্রিকার দলটি দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে ভীষণ বিপজ্জনক। তিনি বলেন, “ঘানা ক্রোয়েশিয়ার মতো খেলে না। ওরা খুব দ্রুত আক্রমণে ওঠে। তাই আমাদের ম্যাচের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং প্রতিপক্ষকে যথাযথ সম্মান দেখাতে হবে।”
ইংল্যান্ড শিবিরের জন্য অবশ্য সুখবরও রয়েছে। বুকায়ো সাকা-সহ দলের কোনও খেলোয়াড়ের চোটের সমস্যা নেই বলে জানিয়েছেন টুখেল। তিনি বলেন, “সাকা এখন আর ব্যথা অনুভব করছে না এবং পূর্ণোদ্যমে অনুশীলন করছে”।
এদিকে মিডফিল্ডার ডেকলান রাইস ও জুড বেলিংহামের নেতৃত্বে ইংল্যান্ডের আক্রমণ বিভাগ নিয়ে যথেষ্ট আশাবাদী কোচ। তবে তাঁর বিশ্বাস, শুধু গোল করলেই চলবে না, বিশ্বকাপ জিততে হলে রক্ষণভাগকেও সমানভাবে শক্তিশালী ও নির্ভরযোগ্য হয়ে উঠতে হবে।
ঘানার বিরুদ্ধে ম্যাচের আগে তাই টুখেলের বার্তা স্পষ্ট— আক্রমণে আগ্রাসন বজায় রাখতে হবে, কিন্তু একই সঙ্গে রক্ষণেও দেখাতে হবে শৃঙ্খলা। নইলে বিশ্বকাপের বড় মঞ্চে সেই ভুলের মূল্য চোকাতে হতে পারে ইংল্যান্ডকে।




