• facebook
  • twitter
Wednesday, 18 February, 2026

বিশ্বকাপে শতরানের নজির ‘কানাডিয়ান’ যুবরাজের

শুধু তাই নয়, এখনও পর্যন্ত আইসিসির অ্যাসোসিয়েট সদস্য দেশগুলির মধ্যে টি-২০ বিশ্বকাপে একমাত্র শতরানকারীও কানাডার যুবরাজ সিং সামরা।

বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে নজর কাড়লেন কানাডার ক্রিকেটার যুবরাজ সিং সামরা। মঙ্গলবার বিশ্বকাপের গ্রুপ-‘ডি’র ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার শতরান করার নজির গড়লেন তিনি। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কানাডা।

ব্যাট করতে নেমে কানাডার দুই ওপেনার যুবরাজ সিং সামরা এবং অধিনায়ক দিলপ্রীত বাজরা বেশ দাপটের সঙ্গে ব্যাট করতে থাকেন। ৩৯ বলে ৩৬ রানের মাথায় কাইল জেমিসনের বলে অধিনায়ক দিলপ্রীত আউট হয়ে গেলেও দাপট দেখাতে থাকেন যুবরাজ। শেষপর্যন্ত ৬৫ বলে এগারোটি চার এবং ছ’টি ছক্কার সাহায্যে ১১০ রান করেন তিনি। ১৯.২ ওভারে জেকব ডাফি’র বলে তিনি আউট হয়ে গেলেও একাধিক নজির গড়েন যুবরাজ। বিশ্বকাপের ইতিহাসে কনিষ্টতম হিসেবে ১৯ বছর ১৪১ দিনে শতরান করে রেকর্ড গড়লেন বাঁহাতি ব্যাটসম্যান। ভেঙে ফেললেন পাকিস্তানের আহমেদ শেহজাদের রেকর্ড। ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ২২ বছর ১২৭ দিন বয়সে শতরান করেছিলেন পাকিস্তানের এই ক্রিকেটার। এমনকি এই ম্যাচে একদিনের বিশ্বকাপের সর্বকনিষ্ঠ শতরানকারী আয়ারল্যান্ডের পল স্টার্লিংকেও পিছনে ফেললেন তিনি।

Advertisement

একদিন এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটের বিশ্বকাপ মিলিয়ে তিনিই এখন কনিষ্ঠতম শতরানকারী। শুধু তাই নয়, এখনও পর্যন্ত আইসিসির অ্যাসোসিয়েট সদস্য দেশগুলির মধ্যে টি-২০ বিশ্বকাপে একমাত্র শতরানকারীও কানাডার যুবরাজ সিং সামরা।

Advertisement

এই প্রসঙ্গে বলা যায়, যুবরাজের বাবার জন্ম ভারতে। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে ছেলের নাম রেখেছিলেন যুবরাজ। তাঁর ইচ্ছা ছিল, ছেলেও বড় হয়ে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলবে। পরবর্তীকালে, কাজের সূত্রে পাঞ্জাব থেকে কানাডায় যান তিনি। সেখানেই ব্র্যাম্পটনে জন্ম নেন যুবরাজ। পাঞ্জাবি বংশোদ্ভূত এই বাঁহাতি ব্যাটসম্যান টরন্টো ডিস্ট্রিক্ট লিগে প্রথম খেলা শুরু করেন। এরপর গত বছরের মার্চে আন্তর্জাতিক অভিষেক হয় যুবরাজের।

Advertisement