• facebook
  • twitter
  • youtube
Thursday, 25 June, 2026

ভবিষ্যতের ক্রিকেটার তৈরির লক্ষ্যে ‘ভিশন ২০২৮’-এ অশোক দিন্দা, উৎপল চ্যাটার্জিকে বড় দায়িত্ব দিল সৌরভের সিএবি

বাংলা তথা ভারতের প্রাক্তন স্পিনার উৎপল চট্টোপাধ্যায়কে এই প্রকল্পের স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। জুলাই থেকেই ভিশনের পরবর্তী শিবির শুরু হবে

ভিশন ২০২৮ প্রকল্পে অশোক দিন্দা ও উৎপল চট্টোপাধ্যায়কে বড় দায়িত্ব দিল রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি। তার সভাপতি সৌরভ গাঙ্গুলি।ভারতীয় দলের প্রাক্তন পেস বোলার ও বর্তমানে রাজ্যের বিধায়ক অশোক দিন্দাকে ভিশন ২০২৮-এর প্রধান করা হয়েছে, একই সঙ্গে তিনি ফাস্ট বোলিং কোচের দায়িত্বও সামলাবেন। বাংলা তথা ভারতের প্রাক্তন স্পিনার উৎপল চট্টোপাধ্যায়কে এই প্রকল্পের স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
জুলাই থেকেই ভিশনের পরবর্তী শিবির শুরু হবে।

সারা রাজ্য থেকে বাংলার প্রতিভাদের তুলে এনে তাঁদের ক্রিকেট প্রতিভা বিকাশের পথ প্রশস্ত করার জন্য ভিশন ২০২৮ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। বাংলার অনূর্ধ্ব ১৬ দলের কোচ অনুষ্টুপ মজুমদার, অনূর্ধ্ব ১৯ কোচ মনোজ তিওয়ারি, অনূর্ধ্ব ২৩ কোচ ঋদ্ধিমান সাহা ও সিনিয়র দলের কোচ লক্ষ্মীরতন শুক্ল ও তাদের সহকারী কোচেদেরও এই ভিশন ২০২৮ প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সিএবি। উঠতি মহিলা ক্রিকেটার ও মহিলাদের বিভিন্ন রাজ্য দলের কোচেরাও এতে অংশ নেবেন বলে জানিয়েছে সিএবি।

এর আগেও ভিশন ২০২০ প্রকল্প চালু করেছিল সিএবি, যেখানে ভিভিএস লক্ষ্মণ, মুথাইয়া মুরলীধরনকে আনা হয়েছিল প্রশিক্ষণ দেওয়ার জন্য। সেই প্রকল্প থেকে একাধিক ক্রিকেটার তৈরি হয়ে পরবর্তীকালে দেশের ঘরোয়া ক্রিকেটে বাংলার প্রতিনিধিত্ব করেন। তবে রঞ্জি ট্রফিতে সাফল্য এনে দিতে পারেনি তারা। ৩৬ বছর রঞ্জি ট্রফি জিততে পারেনি বাংলা।

একাধিকবার ফাইনালে উঠেও হেরে গিয়েছে বাংলা দল। এবার সম্ভবত ফের রঞ্জি ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই ফের এই প্রকল্পের উদ্যোগ নিলেন সিএবি সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দিন্দা ও উৎপলের দেখানো পথে হেঁটে বাংলার উঠতি ক্রিকেটাররা ২০২৮-এর মধ্যে বাংলাকে রঞ্জি ট্রফি এনে দিতে পারে কিনা, এখন সেটাই দেখার।