• facebook
  • twitter
  • youtube
Monday, 20 July, 2026

বুমরার চোট নিয়ে উদ্বেগ বাড়ল; তৃতীয় ওয়ান ডে-র আগে এই ধাক্কা সামলাতে পারল না ভারত, রানের পাহাড়ে ইংল্যান্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচেও খেলতে পারলেন না জসপ্রীত বুমরা।

বুমরার চোট নিয়ে উদ্বেগ বাড়ল; তৃতীয় ওয়ান ডে-র আগে এই ধাক্কা সামলাতে পারল না ভারত, রানের পাহাড়ে ইংল্যান্ড

Pic-X

ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচেও খেলতে পারলেন না জসপ্রীত বুমরা। লর্ডসে ম্যাচ শুরুর আগে টসের সময় ভারতের অধিনায়ক শুভমন গিল জানিয়ে দেন, চোটের কারণে দলের প্রধান পেসারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। পরে বিসিসিআই-ও বুমরার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আপডেট দেয়। যা বেশ উদ্বেগজনক।

বিসিসিআই জানিয়েছে, বুমরার বাঁ পায়ের গোড়ালিতে চোট রয়েছে। চিকিৎসক এবং মেডিক্যাল দলের পরামর্শে তাঁকে তৃতীয় ওয়ান ডে থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, তাঁর চিকিৎসা ও রিহ্যাব চলবে এবং নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে। পরিস্থিতি বিবেচনা করেই তাঁর মাঠে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

টসের সময় শুভমন গিল বলেন, ‘বুমরার চোট রয়েছে। তাই আমরা ওকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। ওর পরিবর্তে দলে এসেছে অর্শদীপ সিং’।

ভারতীয় শিবিরের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। কারণ, চলতি সফরে ভারতের বোলিং আক্রমণের অন্যতম ভরসা বুমরা। সামনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ থাকায় তাঁকে পুরোপুরি সুস্থ করেই মাঠে নামাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বুমরার পরিবর্তে সুযোগ পান বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং। লর্ডসের পিচে তাঁর উপরই ছিল নতুন বলে সাফল্য এনে দেওয়ার দায়িত্ব।

কিন্তু সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি তিনি ও তাঁর সঙ্গী বোলাররা। বুমরার অনুপস্থিতি যে ভারতের বোলিং বিভাগকে বড় ধাক্কা দিয়েছে, তা ইংল্যান্ডের ইনিংসেই বোঝা যায়। এ দিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ব্যাটাররা অনায়াসে বিশাল রানের ইনিংস গড়েন। দুই ওপেনার বেন ডাকেট ও জেকব বেথেল ৩০.১ ওভারে ১৯২ রানের পার্টনারশিপ গড়েন। দ্বিতীয় উইকেটেও জো রুটের সঙ্গে ১০১ রানের পার্টনারশিপ খেলেন ডাকেট।

দুটি বড় রানের পার্টনারশিপ খেলার পর নবাগত বোলার প্রিন্স যাদবের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফিরে যান ডাকেট। ১৮টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৩৫ বলে ১৪১ রান করে ফিরে যান তিনি। ডাকেট যখন প্যাভিলিয়নে ফেরেন, তখন ইংল্যান্ডের স্কোর ছিল ২৯৩-২।

তার আগে ১৯২ রানের মাথায় জেকব বেথেলকে ফেরান প্রসিধ কৃষ্ণা। তাঁর গুড লেংথ বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে যখন ফিরে যান বেথেল, তখন তাঁর দ্বিতীয় ওয়ান ডে সেঞ্চুরি থেকে ন’রান দূরে ছিলেন তিনি। জো রুট ও হ্যারি ব্রুকের জুটি ইংল্যান্ডকে ৩০০-র গণ্ডী পার করান ৪৫তম ওভারের প্রথম বলে। তবে ব্রুক ১৪ রানের বেশি করতে পারেননি। প্রসিধ কৃষ্ণার বল লং অনের ওপর দিয়ে ছয় হাঁকাতে গিয়ে বিরাট কোহলির হাতে ধরা পড়ে যান। জো রুট ৪৮ বলে ৭৪ রান তুলে অপরাজিত থেকে যান। এর মধ্যে ছিল ন’টি বাউন্ডারি।

অনভিজ্ঞ ভারতীয় বোলার বাহিনীর বিরুদ্ধে তাঁরা অনায়াসে রানের পাহাড় তোলেন এবং ৩৮৭-৩ রানে ইনিংস শেষ করেন, যা তুলে ভারতের এই ম্যাচ জেতা বেশ কঠিন। লর্ডসে রান তাড়া করে ওয়ান ডে জেতার নজিরও নেই।