আইপিএলের ট্রেড উইন্ডোয় বড় চমক। দল বদল করতে চলেছেন ভারতের দুই তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া এবং অর্শদীপ সিং। এক সংবাদ সংস্থা এমনই খবর দিয়েছে।
খবর পাওয়া গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পাঞ্জাব কিংসে যাচ্ছেন হার্দিক। অন্য দিকে, পঞ্জাবের দীর্ঘদিনের সদস্য অর্শদীপ যোগ দিতে চলেছেন পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বইয়ে। জানা গিয়েছে, আগামী মরসুমের আগে এই বড়সড় অদলবদলে সম্মতি জানিয়েছে দুই ফ্র্যাঞ্চাইজি। তবে চুক্তির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং আইপিএল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন।
এক আইপিএল কর্তা জানিয়েছেন, দুই দলের মধ্যে লেনদেন চূড়ান্ত হয়েছে। হার্দিকও পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে খেলতে রাজি। ওই কর্তার কথায়, ‘লেনদেন সম্পূর্ণ হয়েছে। হার্দিক পাঞ্জাব কিংসে যাচ্ছে এবং অর্শদীপ মুম্বই ইন্ডিয়ান্সে আসছে। শ্রেয়স আয়ারের নেতৃত্বে খেলতে হার্দিকের কোনও আপত্তি নেই।”
অর্শদীপকে ছাড়তে রাজি ছিল না পঞ্জাব
পাঞ্জাব কিংসের হয়ে দীর্ঘ দিন খেলেছেন অর্শদীপ। আইপিএলে তাঁর পারফরম্যান্সই তাঁর সামনে জাতীয় দলের দরজা খুলে দিয়েছে। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। ফলে এমন এক বোলারকে ছেড়ে দেওয়া পাঞ্জাবের মালিকদের কাছে সহজ সিদ্ধান্ত ছিল না।
আইপিএল সূত্রের বক্তব্য, ‘অর্শদীপকে হার্দিকের বদলে নেওয়ার সিদ্ধান্ত অধিনায়ক এবং কোচের। পঞ্জাবের সঙ্গে দীর্ঘ দিন ধরে রয়েছে অর্শদীপ। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই ও আজকের ক্রিকেটার হয়ে উঠেছে। ওর পারফরম্যান্সে মালিকেরাও খুশি। তাই ওকে ছেড়ে দেওয়া তাঁদের কাছে সহজ ছিল না। কিন্তু অধিনায়ক এবং কোচ এই সিদ্ধান্ত নিয়েছেন’।
অর্থাৎ, শ্রেয়স এবং কোচিং দলের পরিকল্পনাতেই এই অদলবদল। হার্দিককে দলে নিয়ে অলরাউন্ডার বিভাগ আরও শক্তিশালী করতে চাইছে পঞ্জাব। তবে অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন শ্রেয়সই। হার্দিককে খেলতে হবে ক্রিকেটার হিসাবেই।
তিন মরসুমে দু’বার প্লে-অফের বাইরে মুম্বই
২০২৪ সালের আইপিএলের আগে গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন হার্দিক। তাঁকে অধিনায়কও করা হয়েছিল। সরিয়ে দেওয়া হয়েছিল দীর্ঘ দিনের নেতা রোহিত শর্মাকে। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি হার্দিক। তাঁর নেতৃত্বে তিন মরসুমে দু’বার প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন দল। ২০২৬ সালের আইপিএলে মাত্র চারটি ম্যাচ জিতে দশ দলের মধ্যে নবম স্থানে শেষ করে মুম্বই।
হার্দিকের মুম্বই-অধ্যায় শেষ হলে নতুন করে দল সাজানোর সুযোগ পাবে এই ফ্র্যাঞ্চাইজি। অর্শদীপের বাঁ হাতি পেস মুম্বইয়ের বোলিং বিভাগকে শক্তিশালী করবে। বিশেষ করে পাওয়ার প্লে এবং ডেথ ওভারে তাঁর দক্ষতা দলের কাজে আসতে পারে।
হার্দিকের ফিটনেস নিয়েও প্রশ্ন
পঞ্জাবের হয়ে হার্দিকের খেলা নিয়ে অবশ্য একটি প্রশ্ন থাকছেই—তাঁর ফিটনেস। ২০২৬-এর আইপিএলের পর থেকে চোটের কারণে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি তিনি। সাম্প্রতিক শিনের সমস্যার জন্য ভারত ‘এ’ দলের অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে এক দিনের সিরিজেও খেলতে পারেননি। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদার হয়েও তাঁর খেলার সম্ভাবনা নেই।
অন্য দিকে, শ্রেয়সের নেতৃত্বে গত মরসুমে আইপিএলের ফাইনালে উঠেছিল পঞ্জাব। ২০১৪ সালের পর প্রথম বার ফাইনালে পৌঁছেছিল তারা। ২০২৬ সালে মরসুমের প্রথম ভাগে ভাল খেললেও শেষ দিকে ছন্দ হারিয়ে প্লে-অফে উঠতে পারেনি দল। হার্দিকের অভিজ্ঞতা ও অলরাউন্ড দক্ষতা সেই ঘাটতি মেটাতে পারে বলে মনে করছে পঞ্জাব।
আইপিএল ২০২৭-এর মিনি নিলাম হবে ১৬ ডিসেম্বর গোয়ায়। তার আগে ক্রিকেটার ধরে রাখার তালিকা জমা দেওয়ার শেষ দিন ১৭ নভেম্বর। ফলে বিসিসিআইয়ের অনুমোদন পেলেই এই দুই তারকার দলবদল সরকারি ভাবে ঘোষণা করা হতে পারে।




