• facebook
  • twitter
  • youtube
Monday, 29 June, 2026

বিসিসিআইয়ের কড়া নির্দেশিকা, আইপিএলে বাড়ল শৃঙ্খলার নজরদারি

বোর্ডের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পেশাদারিত্ব ও আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না।

বিসিসিআইয়ের কড়া নির্দেশিকা, আইপিএলে বাড়ল শৃঙ্খলার নজরদারি

প্রতীকী চিত্র

আইপিএলের মাঝপথেই ক্রিকেটারদের শৃঙ্খলা বজায় রাখতে কড়া অবস্থান নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতায় একাধিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সামনে আসার পর অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য আট পাতার একটি নতুন নির্দেশিকা জারি করেছে বিসিসিআই।

বোর্ডের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পেশাদারিত্ব ও আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না।

আসলে, চলতি আইপিএল চলাকালীন বেশ কয়েকটি বিতর্ক বোর্ডকে উদ্বিগ্ন করে তুলেছে। তা সে রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্দারের ডাগআউটে বসে মোবাইল ব্যবহার করাই হোক বা দলের ক্রিকেটার রিয়ান পরাগের সাজঘরে ভ্যাপিং। তাছাড়াও, দলের মালিকদের মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তাও বিতর্কিত মোড় নিয়েছে। এইসব ঘটনা নজর এড়ায়নি বিসিসিআইয়ের। ক্রিকেটার, টিম ম্যানেজার বা দলের মালিকদের এই ধরনের আচরণ আইপিএলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর বলে মনে করছে বোর্ড।

আর এই প্রেক্ষিতেই বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া আট পাতার লিখিত বার্তায় আইপিএলের দশটি ফ্র্যাঞ্চাইজিকে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিযোগিতার মর্যাদা বজায় রাখতে প্রত্যেক দল, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। ডাগআউট, ড্রেসিংরুম এবং মাঠের বাইরের আচরণ নিয়েও কড়া নজরদারির ইঙ্গিত দিয়েছে বোর্ড।

নতুন নির্দেশিকায় প্রযুক্তি ব্যবহারের নিয়ম, ডাগআউটে আচরণবিধি, মিডিয়ার সঙ্গে যোগাযোগ এবং ক্রিকেটারদের ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট ব্যক্তি বা দলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও প্রকাশিত এই নির্দেশিকায় জানানো হয়েছে। বোর্ডের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাজিগুলিকে জানানো হয়েছে, উপযুক্ত প্রমাণপত্র ছাড়া ও ম্যানেজারের অনুমতি ছাড়া কেউ হোটেল রুমে যেতে পারবে না। অতিথিদের নির্দিষ্ট জায়গা, যেমন হোটেলের লবি বা লঞ্জে প্লেয়ারদের সঙ্গে দেখা করতে হবে।

সেক্ষেত্রে ম্যানেজারের লিখিত অনুমতি লাগবে। পাশাপাশি, হোটেল থেকে বেড়ানোর আগে খেলোয়াড়দের নিরাপত্তা অফিসারদের থেকে অনুমতি নিতে হবে।

নির্দেশিকায় বিসিসিআই আরও বলেছে অনুমোদন কার্ড না থাকলে কাউকে নির্দিষ্ট জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এমনকি, ম্যাচ শেষে দলের মালিকরা চাইলেও মাঠে নামতে পারবেন না। আর এগুলো অন্যথা হলেই কড়া পদক্ষেপ নেবে বোর্ড। সেক্ষেত্রে, সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজি বা খেলোয়াড়কে শো-কজের পাশাপাশি আর্থিক জরিমানাও করা হতে পারে।