• facebook
  • twitter
Tuesday, 3 February, 2026

পাকিস্তান ইস্যুতে মুখ খুলল বিসিসিআই, ক্ষুব্ধ ক্রিকেটাররা

পাকিস্তানের এই ম্যাচ বয়কট ঘোষণার প্রায় ১৭ ঘণ্টা পর অবশেষে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড

বিসিসিআই (File Photo)

রবিবার আচমকাই পাকিস্তান জানিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের বিরুদ্ধে মাঠে দল নামাবে না তারা। পাকিস্তানের এই ম্যাচ বয়কট ঘোষণার প্রায় ১৭ ঘণ্টা পর অবশেষে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, আইসিসি নিজেদের সিদ্ধান্ত জানানোর আগে আপাতত তারা আলাদাভাবে কিছু বলবে না। রাজীব এদিন বলেন, আইসিসি বিবৃতি দিয়েছে। সেখানে তারা ক্রিকেটীয় মানসিকতার কথা বলেছে। বিসিসিআইও যে আইসিসির সঙ্গে একমত, তা এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে বলা যায়, সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। আগেই পাকিস্তানের দাবি মেনে আইসিসি এই ম্যাচটি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করেছে। সেক্ষেত্রে আয়োজক দেশ হয়েও এই ম্যাচটি খেলতে শ্রীলঙ্কায় যেত ভারত। কিন্তু, তারপরেও পাকিস্তানের এই হটকারী সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বেজায় ক্ষুব্ধ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক এই সংস্থা। পাকিস্তানের এই ঘোষণার পরেই আইসিসির পক্ষ থেকে কার্যত হুঁশিয়ারির সুরে জানিয়ে দেওয়া হয়েছে, বেছে বেছে প্রতিপক্ষ ঠিক করে নেওয়াটা একেবারেই ক্রিকেটীয় আদর্শের বিরোধী।

Advertisement

পাকিস্তানের এই হটকারী সিদ্ধান্ত যে ক্রিকেটের স্বার্থের পরিপন্থী সেকথা জানাতেও ভোলেনি আইসিসি। একইসঙ্গে তারা আশাপ্রকাশ করেছেন, ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে হয়তো নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান। এহেন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে বিশেষ মাথা ঘামাতে রাজি নয় বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকীয়ার স্পষ্ট বক্তব্য, আনুষ্ঠানিক ভাবে বিসিসিআইকে কিছু জানানো হয়নি। তাই এই বিষয়ে আপাতত তাঁরা কোনওরকম মন্তব্য করবে না। জানা গিয়েছে, আজ অথবা আগামীকালের মধ্যে বিষয়টি নিয়ে বৈঠকে বসবে আইসিসি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

অন্যদিকে, পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সলমন আলি আঘা হটকারী এই সিদ্ধান্তের জন্য সেদেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে খেলতে না নামার সিদ্ধান্তটা কোনওভাবেই খেলোয়াড়দের নয়। তাই, এক্ষেত্রে তাঁদের কিছু করণীয় নেই। আসলে, দেশের সরকারের সিদ্ধান্তই একপ্রকার মানতে বাধ্য তাঁরা। এই প্রসঙ্গে বলা যায়, গ্রপ পর্বে না খেললেও সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচে ভারতের মুখোমুখি হলেও কি মাঠে দল নামাবে না পাকিস্তান ? সেবিষয়ে অবশ্য এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি তারা।

Advertisement