বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানকে দেশে ফেরাতে উদ্যোগী হচ্ছে দেশের ক্রিকেট বোর্ড। জানা গেছে, শাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলার নথি সরকারের কাছে জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উল্লেখ্য, ২০২৪ সালে কানপুরে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচের পর থেকে আর দেশের হয়ে খেলতে দেখা যায়নি শাকিব আল হাসানকে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা চলছে বাংলাদেশের আদালতে। এমনকি দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হবে, এমন আশঙ্কায় শাকিব আর বাংলাদেশে ফেরেননি। সম্প্রতি বাংলাদেশে সরকার বদলেছে। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। সরকার বদলের পর শাকিবকে ফেরানোর প্রক্রিয়া আরও দ্রুত হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা শাকিব। তাঁকে দেশে ফেরাতে চাওয়ার নেপথ্যে এটি একটি বড় কারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলায় বাংলাদেশের ক্রিকেটের উপর থেকে উৎসাহ হারিয়েছে জনতা। আগামী বছর এক দিনের বিশ্বকাপ রয়েছে। সেখানে শাকিবকে খেলানোর চেষ্টা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার জন্য ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে এক দিনের আইসিসি ক্রমতালিকায় সেরা ১০ দলের মধ্যে তাদের থাকতে হবে। শাকিব সে ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারেন। সেই কারণেই হয়তো দ্রুত তাঁর বিরুদ্ধে হওয়া মামলার নিষ্পত্তি করে ফেলতে চাইছে বাংলাদেশ বোর্ড ও সে দেশের সরকার।
Advertisement
সম্প্রতি দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, শাকিব ও বাংলাদেশের আর এক প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার বিরুদ্ধে হওয়া সব মামলার নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। তাঁদের ক্রিকেটে ফেরার দরজাও খোলা হবে। শাকিবের মতো মোর্তাজাও আওয়ামী লিগের সাংসদ ছিলেন। পালাবদলের পর থেকে তাঁকেও জনসমক্ষে দেখা যায়নি।
Advertisement
আমিনুলের এই মন্তব্যের পরেই শাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার নথি তৈরি করেছে। সেই নথি পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তা সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। সম্প্রতি শাকিবের ফেরা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের এক দিনের দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ‘শাকিবের সঙ্গে আবার খেলতে পারলে খুব ভাল লাগবে।’
Advertisement



