• facebook
  • twitter
  • youtube
Monday, 28 September, 2026

এক বলও খেলতে হল না, বৃষ্টিতে ম্যাচ বাতিল, এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত

কিন্তু সেই ম্যাচ খেলার সুযোগই আর এল না। প্রকৃতির দাপটে মাঠে নামার আগেই কোয়ার্টার ফাইনালের পর্দা নামল

এক বলও খেলতে হল না, বৃষ্টিতে ম্যাচ বাতিল, এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত

Match Cancelled Photo-SNS

মাঠে নামাই হল না। টসও হল না। অথচ এশিয়ান গেমসের ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত! সোমবার নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ভারত-আফগানিস্তান কোয়ার্টার ফাইনালটি প্রবল বৃষ্টির কারণে পরিত্যক্ত হল। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট পেয়ে গেল শ্রেয়স আইয়ারের দল।

সকাল থেকেই নাগোয়া ও নিশিন এলাকায় টানা বৃষ্টি হচ্ছিল। ভারতীয় সময় সকাল ১০টায় টস হওয়ার কথা থাকলেও আবহাওয়ার উন্নতি হয়নি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও মাঠ খেলার উপযুক্ত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত একটি বলও না গড়িয়ে ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা।

কিন্তু ম্যাচ পরিত্যক্ত হলে কেন ভারতই সেমিফাইনালে গেল? এশিয়ান গেমসের নিয়মই এখানে গুরুত্বপূর্ণ। কোয়ার্টার ফাইনালে বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলে কোনও রিজার্ভ ডে নেই। সে ক্ষেত্রে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে যে দল এগিয়ে, তারাই পরের পর্বে যাবে। ভারত বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে। আফগানিস্তান রয়েছে দশ নম্বরে। ফলে কোনও ফল না হওয়ায় ভারতকেই জয়ী ঘোষণা করা হয়েছে।

অর্থাৎ, ব্যাট-বল ছাড়াই কোয়ার্টার ফাইনালের বাধা টপকে গেল ভারত। একই নিয়মে পাকিস্তানও হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে সেমিফাইনালে পৌঁছেছে।

মজার বিষয়, ম্যাচের আগের দিনই বৃষ্টি নিয়ে কোনও অজুহাত দিতে চাননি ভারত অধিনায়ক শ্রেয়স আয়ার। তিনি বলেছিলেন, ‘হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। কিন্তু তার জন্য আমরা হাল ছেড়ে দিতে পারি না। আমরা পেশাদার ক্রিকেটার এবং এই ধরনের বাধা আসতেই থাকবে। পরিস্থিতি যা-ই হোক না কেন, মানসিক ভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে।’

শ্রেয়স আরও বলেছিলেন, ‘আজ আমরা একটু ওয়ার্ম-আপ করতে পেরেছি, কিছুটা নকিংও হয়েছে। কাল উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আবহাওয়া কেমন থাকে, সেটা আমরা দেখব। তবে সেটা দ্বিতীয় বিষয়। আমাদের প্রধান লক্ষ্য হল মাঠে নেমে ম্যাচ খেলা।’

কিন্তু সেই ম্যাচ খেলার সুযোগই আর এল না। প্রকৃতির দাপটে মাঠে নামার আগেই কোয়ার্টার ফাইনালের পর্দা নামল।

এ বার সেমিফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা অথবা নেপালের মধ্যে কোনও একটি দল। ১ অক্টোবর হবে সেই ম্যাচ। গত এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে সোনা জিতেছিল ভারত। এ বারও সেই সাফল্য ধরে রাখার লক্ষ্য শ্রেয়সদের। তবে কোয়ার্টার ফাইনাল পার হওয়ার পথটা যে এমন হবে, তা বোধহয় কেউ ভাবেননি—*এক বলও না খেলে র‌্যাঙ্কিংয়ের জোরে সেমিফাইনালে ভারত!*