• facebook
  • twitter
  • youtube
Wednesday, 7 October, 2026

আইএসএল দেখতে আর খরচ নয়! ইউটিউবে বিনামূল্যে ১৬৩ ম্যাচ, ফিরছে সোনিও

এ বার আইএসএলে থাকছে প্রথম গোয়া ডার্বি— চার্চিল ব্রাদার্স বনাম এফসি গোয়া। পাশাপাশি প্রথম বার ইম্ফলেও পা রাখছে লিগ। ২৪ নভেম্বর খুমান লাম্পাক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে স্পোর্টিং ক্লাব দিল্লি।

আইএসএল দেখতে আর খরচ নয়! ইউটিউবে বিনামূল্যে ১৬৩ ম্যাচ, ফিরছে সোনিও

Photo: X

ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য জারুন সুখবর। আইএসএল দেখার জন্য এ বার থেকে আর গাঁটের কড়ি খরচ করতে হবে না! ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ফুটবল লিগের সব ম্যাচই বিনামূল্যে দেখা যাবে ইউটিউবে, একেবারে সরাসরি, টাটকা।

২০২৬-২৭ মরসুমে ডিজিটাল স্ট্রিমিং পার্টনার হিসাবে ইউটিউবকে বেছে নিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। পাশাপাশি টেলিভিশনে ফিরছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। আর ডিজিটাল মাধ্যমে সাবস্ক্রিপশন পরিষেবা হিসাবে পুরো মরসুমের ১৬৩টি ম্যাচই দেখাবে সোনিলিভ। অর্থাৎ, দর্শকদের সামনে এ বার তিনটি রাস্তা— হয় বিনামূল্যে ইউটিউবে দেখুন আইএসএলের সব ম্যাচ অথবা টেলিভিশনে সোনি স্পোর্টস এবং সোনিলিভ ওটিটি-তে দেখতে পারেন। শেষ দুটি রাস্তায় যাওয়ার জন্য খরচ করতে হবে আপনাকে।

আইএসএলের গত মরসুমে ম্যাচ দেখার প্রধান ডিজিটাল মাধ্যম ছিল ফ্যানকোড। এ বার সেই ছবিটাই বদলে গেল। ইউটিউবের সঙ্গে চুক্তির ফলে সাবস্ক্রিপশনের বাধা ছাড়াই দেশের যে কোনও প্রান্ত থেকে আইএসএলের প্রতিটি ম্যাচ দেখা যাবে। শুধু ভারতেই নয়, ইউটিউবের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছেও লাইভ ম্যাচ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে আইএসএলের।

আইএসএল-এর সিইও করণ যাদব বললেন, ‘আমরা চাই সবচেয়ে সহজে দেখা যায় এমন ফুটবল লিগ হোক আইএসএল। তাই যে যে প্ল্যাটফর্মে সমর্থকেরা ফুটবল দেখতে এবং লিগকে অনুসরণ করতে চান, আমাদের সেখানেই থাকতে হবে। ডিজিটাল ও টেলিভিশনের শক্তিকে একসঙ্গে কাজে লাগিয়ে আইএসএলকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে চাই’।

শুধু ম্যাচ দেখানোতেই থামছে না ইউটিউবের পরিকল্পনা। ম্যাচের হাইলাইটস, শর্টস, ফুটবলারদের সাক্ষাৎকার, বিশ্লেষণ, ড্রেসিংরুমের অন্দরমহলের নানা মুহূর্ত— সবই থাকবে। অর্থাৎ, ম্যাচের ৯০ মিনিটের বাইরেও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখবে আইএসএল। তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাবে এ সবই।

ইউটিউব ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর গুঞ্জন সোনি বলেন, ‘২০২৬-২৭ মরসুমের প্রতিটি ম্যাচ ইউটিউবে সরাসরি এবং বিনামূল্যে দেখাতে পারব। সমর্থকেরা যে প্ল্যাটফর্ম প্রতিদিন ব্যবহার করেন, সেখানেই ভারতীয় ফুটবলকে আরও সহজে পৌঁছে দেওয়া যাবে’।

ডিজিটালে ইউটিউবের পাশাপাশি টেলিভিশনেও বড় বদল হতে চলেছে। আইএসএল-এর সম্প্রচার স্বত্ব ফিরে গেল সোনি স্পোর্টস নেটওয়ার্কের হাতে। ২০২৬-২৭ মরসুমে ৮০টিরও বেশি ম্যাচ টেলিভিশনে দেখাবে সোনি। আর সোনিলিভ দেখাবে পুরো ১৬৩টি ম্যাচই।

আইএসএলের নতুন মরসুম শুরু হচ্ছে ১০ অক্টোবর। ১৩টি দলকে নিয়ে প্রথম পর্বে হবে ৭৮টি ম্যাচ, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। তার মধ্যে ৫৩টি ম্যাচ শুক্রবার, শনিবার অথবা রবিবার রাখা হয়েছে— যাতে ছুটির দিনে বেশি সংখ্যক দর্শক মাঠে এবং পর্দায় ম্যাচ দেখতে পারেন।

এ বার আইএসএলে থাকছে প্রথম গোয়া ডার্বি— চার্চিল ব্রাদার্স বনাম এফসি গোয়া। পাশাপাশি প্রথম বার ইম্ফলেও পা রাখছে লিগ। ২৪ নভেম্বর খুমান লাম্পাক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে স্পোর্টিং ক্লাব দিল্লি।

সব মিলিয়ে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় লিগের সব অ্যাকশন সমর্থকদের কাছে পৌঁছে দিতে একসঙ্গে তিন দরজা খুলে দিল আইএসএল।