• facebook
  • twitter
  • youtube
Monday, 29 June, 2026

রাজনীতির ময়দানে এবারে কোন কোন খেলোয়াড় নির্বাচনে বাজিমাত করবেন, সবার নজর থাকবে সেদিকেই

অতীতে দেখা গিয়েছে, ভোটের লড়াইয়ে রাজনীতির ময়দানে নেমেছিলেন বিশ্বশ্রী মনোহর আইচ ও ডায়মন্ড কোচ অমল দত্ত।

রাজনীতির ময়দানে এবারে কোন কোন খেলোয়াড় নির্বাচনে বাজিমাত করবেন,  সবার নজর থাকবে সেদিকেই

প্রতীকী চিত্র

পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচনে দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে আগামী বুধবার। ইতিমধ্যেই উত্তরবঙ্গ সহ আারও বেশ কয়েকটি জেলার বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়ে গিয়েছে। সেই নির্বাচনে চারজন খেলোয়াড় বিধানসভার প্রার্থী হিসেবে লড়াই করেছেন। মাঠে খেলোয়াড় হিসেবে যত পরিচিতি লাভ করেছেন, কিন্তু রাজনীতির ময়দানে তাঁরা কীভাবে খবরের শিরোনামে থাকবেন, সে নিয়ে আলোচনা হতেই পারে। তবে এবারেই নয়, এর আগেও বেশ কয়েকজন খেলোয়াড় নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং মন্ত্রীও হয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ও মনোজ তিওয়ারি।

এই দু’জনকে আর পরবর্তী সময়ে রাজনীতির ময়দানে সেইভাবে দেখতে পাওয়া যায়নি। এ বাদেও খেলোয়াড় হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন ক্রিকেটার অশোক দিন্দা, ফুটবলার দীপেন্দু বিশ্বাস, ষষ্ঠী দুলে, কল্যাণ চৌবে, রহিম নবি সহ অ্যাথলিট জ্যোতির্ময়ী সিকদার ও সাঁতারু বুলা চৌধুরী। বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন ক্রিকেটার অশোক দিন্দা, ফুটবলার দীপেন্দু বিশ্বাস ও সাঁতারু বুলা চৌধুরী। অ্যাথলিট জ্যোতির্ময়ী সিকদার কৃষ্ণনগর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। অর্জুন পুরস্কারপ্রাপ্ত ফুটবলার প্রসূন ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন হাওড়া কেন্দ্র থেকে।

এবারের বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে চারজন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন ক্রিকেটার শিবশঙ্কর পাল ও অ্যাথলিট স্বপ্না বর্মণ। হকি খেলোয়াড় ভরত ছেত্রী ও ক্রিকেটার অশোক দিন্দা বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। আর দ্বিতীয় পর্বের নির্বাচনেও সেই অর্থে তিনজন খেলোয়াড় রয়েছেন।

ভারতীয় দলের অন্যতম সেরা আক্রমণভাগের ফুটবলার বিদেশ বসু তৃণমূলের প্রার্থী হিসেবে হুগলির আদি সপ্তগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবশ্য গত নির্বাচনে বিদেশ বসু হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। আইএসএফ-এর প্রার্থী হিসেবে এবারেও লড়াই করতে নেমেছেন ভাঙড় কেন্দ্রে নৌসাদ সিদ্দিকি। তিনি গত নির্বাচনে লড়াই করে জয়লাভ করেছিলেন। নৌসাদ একজন জাতীয়স্তরে ভলিবল খেলোয়াড়।

একটা সময় কলকাতা ভলিবল ময়দানে তাঁর খেলা দেখে অনেকেই অভিভূত হয়েছেন। আর এবারে বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি গতবারে প্রথমে ভবানীপুর কেন্দ্র থেকে জয়লাভ করলেও, পরবর্তীতে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক পদ ছেড়ে দিয়ে উপনির্বাচানে খড়দহ কেন্দ্র থেকে লড়াই করে জিতেও ছিলেন। তিনি রাজ্যস্তরে বক্সিংয়ে নজর কেড়েছিলেন। এমনকি মোহনবাগান ক্লাবের হয়ে গল্ফ খেলেছেন। এ বাদেও রেফারি প্রতীক মণ্ডল আইএসএফের প্রার্থী হিসেবে মিনাখাঁ কেন্দ্র থেকে লড়াই করছেন।

অতীতে দেখা গিয়েছে, ভোটের লড়াইয়ে রাজনীতির ময়দানে নেমেছিলেন বিশ্বশ্রী মনোহর আইচ ও ডায়মন্ড কোচ অমল দত্ত। তাই বলতে দ্বিধা নেই, খেলার মাঠে ক্রীড়া ব্যক্তিত্বদের নির্বাচন এলে দেখতে পাওয়া যায় রাজনীতির ময়দানেও। তাই এবারের কোন কোন খেলোয়াড় নির্বাচনে বাজিমাত করবেন, তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৪ মে পর্যন্ত। সাধারণ মানুষের মতো এই সব প্রার্থীরা ভোটের ফলাফলের দিকে তাকিয়ে থাকবেন।