• facebook
  • twitter
  • youtube
Wednesday, 9 September, 2026

সাত পদকজয়ী প্যারা-অ্যাথলিটকে সংবর্ধনা

পদক জয়ের মুহূর্তটি গোটা বিশ্বের নজর কাড়ে। কিন্তু সেই সাফল্যের পিছনে থাকে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই

সাত পদকজয়ী প্যারা-অ্যাথলিটকে সংবর্ধনা

pic-x

পদক জয়ের মুহূর্তটি গোটা বিশ্বের নজর কাড়ে। কিন্তু সেই সাফল্যের পিছনে থাকে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই, আত্মবিশ্বাস এবং পরিবার ও প্রশিক্ষকদের নিরন্তর সমর্থন। গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারতের প্যারা-অ্যাথলিটদের সাফল্যের নেপথ্যের সেই লড়াইকেই সম্মান জানাল এসবিআই লাইফ ইন্স্যুরেন্স এবং প্যারালিম্পিক কমিটি অব ইন্ডিয়া।

গ্লাসগো থেকে তিনটি সোনা, দুটি রুপো এবং দুটি ব্রোঞ্জ— মোট সাতটি পদক জিতে দেশে ফিরেছেন ভারতের প্যারা-অ্যাথলিটরা। তাঁদের সংবর্ধনা দেওয়া হয় যৌথ উদ্যোগে। সম্মানিতদের মধ্যে ছিলেন মহিলাদের শটপুট এফ৫৭-তে সোনাজয়ী শর্মিলা ধানকার, পুরুষদের ১০০ মিটার টি৪৭-এ সোনাজয়ী দিলীপ মহাদুগাভিট এবং পুরুষদের শটপুট এফ৫৭-তে সোনাজয়ী সোমান রানা। এছাড়াও রুপো পেয়েছেন মহম্মদ বাসিল মোরসিংগানাথ ও শুভম জুয়াল। ব্রোঞ্জজয়ীদের মধ্যে ছিলেন শিল্পা শাইলা এবং ঝান্ডু কুমার।

অনুষ্ঠানে এসবিআই লাইফের এমডি ও সিইও অমিত ঝিংরান বলেন, প্যারা-অ্যাথলিটদের প্রতিটি জয় শুধু তাঁদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমাজের অন্তর্ভুক্তিমূলক মানসিকতারও প্রতিফলন। তাঁদের মতে, পদকের পাশাপাশি এই ক্রীড়াবিদদের দীর্ঘ সংগ্রামের কাহিনিও সাধারণ মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন।

প্যারালিম্পিক কমিটি অব ইন্ডিয়ার সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়াও বলেন, প্রতিটি পদকের পিছনে রয়েছে সংকল্প, ত্যাগ ও সহনশীলতার দীর্ঘ যাত্রা। সেই যাত্রায় পরিবার, প্রশিক্ষক ও শুভানুধ্যায়ীদের অবদান অনস্বীকার্য। গ্লাসগোয় ভারতের সাতটি পদক দেশের প্যারা-স্পোর্টসের ক্রমবর্ধমান শক্তিরই প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

এসবিআই লাইফের তরফে জানানো হয়েছে, এই অংশীদারিত্বের লক্ষ্য শুধু পদকজয়ীদের সম্মান জানানো নয়, তাঁদের সাফল্যের নেপথ্যে থাকা পরিবার, কোচ ও সহায়তাকারীদের ভূমিকাকেও স্বীকৃতি দেওয়া। কারণ, পোডিয়ামে ওঠার বহু আগে থেকেই শুরু হয় সাফল্যের আসল গল্প।