• facebook
  • twitter
  • youtube
Wednesday, 5 August, 2026

‘বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন’, শুভেন্দুর দাবি ওড়ালেন উদয়ন

নিজস্ব প্রতিনিধি– ভোটের সময় দাবি পাল্টা দাবি ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি৷ এবারেও তার ব্যতিক্রম ঘটেনি৷ ‘গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ’৷ কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রচারে গিয়ে এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতার দাবি, -‘পূর্ব বর্ধমানের বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে হওয়া একটি

‘বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন’, শুভেন্দুর দাবি ওড়ালেন উদয়ন

নিজস্ব প্রতিনিধি– ভোটের সময় দাবি পাল্টা দাবি ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি৷ এবারেও তার ব্যতিক্রম ঘটেনি৷ ‘গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ’৷ কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রচারে গিয়ে এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতার দাবি, -‘পূর্ব বর্ধমানের বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে হওয়া একটি বৈঠকে তাঁর হাত ধরে বিজেপিতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন উদয়ন’৷ এ নিয়ে শুভেন্দুকে পাল্টা বিঁধেছেন মন্ত্রীও৷ সোমবার কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঠিক তার পরেই দিনহাটায় সভা করেন শুভেন্দু৷ সংহতি ময়দানের সভা থেকে উদয়নকে ‘লম্পট’ বলে কটাক্ষ করেছেন তিনি৷

বিরোধী দলনেতা বলেন, ”এখানে একটা লম্পট আছেন, যিনি ভাইপোর পদলেহন করতে গিয়ে নিজের বাবাকেও চোর বলেছেন৷ তিনি নাকি বলেছেন আমি দিনহাটায় এলে বেঁধে পেটাবেন৷ আমিও চ্যালেঞ্জ করছি, কোথায় যেতে হবে বলুন৷ সেখানেই যাব৷ দেখি আপনার কত বড় ক্ষমতা৷ আপনি যদি কমল গুহ বাবুর সুপুত্র হয়ে থাকেন, দডি়টা আনুন৷ আমি যাচ্ছি৷ এই সব কাগুজে বাঘদের সোজা করতে বেশি দিন লাগে না৷ ”শুভেন্দুর দাবি, ”২০২১ সালের ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিলেন বিজেপিতে ঢোকার জন্য৷ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে৷ বলে দিয়ে গেলাম৷ অস্বীকার করতে পারলে করুন৷

আমি কথা দিয়ে গেলাম, এই উদয়ন গুহ আর বিশু ধর— এই দু’জনের জন্য বিজেপির দরজা চিরকালের জন্য বন্ধ থাকবে৷ ”বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রেক্ষিতে উদয়ন বলেন, ”প্রচন্ড গরমে হয় ওর মাথা খারাপ হয়েছে৷ না হলে গাঁজা খেয়েছে!” মমতার সভার জন্য তাঁকে সভাস্থলে ৩০ কিলোমিটার ঘুরে যেতে হয়েছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু৷ তার পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ”সিএমের সভা হচ্ছে৷ প্রচুর ভিড়৷ রাস্তা বন্ধ৷ চারিদিকে লোকজন৷ সেই সময় যদি কোনও অঘটন ঘটে যেত, তা হলে তো চিৎকার করে ফাটিয়ে দিত৷ পুলিশ-প্রশাসন নিজের কাজ করেছে৷ ”ওয়াকিবহাল মহল মনে করছে – প্রথম দফার নির্বাচনের আগে দলের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করতে এহেন দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷