• facebook
  • twitter
Wednesday, 18 March, 2026

কামারহাটিতে প্রার্থী ঘোষণা হতেই মন্দিরে পুজো

দেওয়ালে নিজের নাম লিখে প্রচার শুরু মদন মিত্রের

নিজস্ব চিত্র

বিধানসভা নির্বাচনের আবহে কামারহাটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মদন মিত্রের নাম ঘোষণা হতেই শুরু হয়ে গেল তাঁর প্রচার। প্রার্থী ঘোষণার পরই তিনি পৌঁছে যান কামারহাটির জগন্নাথ মন্দিরে। সেখানে পুজো দিয়ে আশীর্বাদ নেন এবং নির্বাচনী লড়াইয়ের শুভ সূচনা করেন। মন্দির থেকে বেরিয়েই রঙের তুলিতে দেওয়ালে নিজের নাম লিখে প্রচারে নেমে পড়েন তিনি। তাঁর এই অভিনব প্রচার ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়। সমর্থকরাও উচ্ছ্বাসে ফেটে পড়েন, বাজি ফাটিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাঁদের।

মদন মিত্রের কথায়, ‘কামারহাটিতে ইতিমধ্যেই অনেক উন্নয়ন হয়েছে। যেটুকু বাকি আছে, সেটাও আমি সম্পূর্ণ করে দেব।’ তিনি স্পষ্ট করে জানান, আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। মানুষের সমর্থন তাঁর পাশে থাকবে বলেই বিশ্বাস করেন।

Advertisement

অন্যদিকে, এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মানস মুখার্জিও প্রচারে নেমে তৃণমূলকে কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, ‘ভোট লুট হলে চোখে চোখ রেখে কথা হবে।’ এই মন্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। এর জবাবে মদন মিত্র বলেন, ‘মানসবাবুর চোখ আছে তো, মানুষ চোখ নামিয়ে দেবে।’ দুই প্রার্থীর এই পাল্টা মন্তব্যে কামারহাটির রাজনৈতিক লড়াই আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে। এখন দেখার, নির্বাচনের ময়দানে শেষ পর্যন্ত কার পক্ষে জনমত যায়। কামারহাটির মানুষ কাকে বেছে নেন।

Advertisement

Advertisement