• facebook
  • twitter
Wednesday, 18 March, 2026

মঙ্গলবার প্রার্থী ঘোষণার পর বুধবার অভিষেকের সঙ্গে সাক্ষাৎ শওকতের

বৈঠকের পর শওকত আত্মবিশ্বাসী ভঙ্গিতে জানান, তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং ভাঙড় কেন্দ্র জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত

রাজনৈতিক দিক থেকে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে ভাঙড় এখন বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই এই কেন্দ্র থেকে জয়ী হন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। আসন্ন নির্বাচনে এখনও পর্যন্ত এই কেন্দ্রে আইএসএফ তাদের প্রার্থী ঘোষণা না করলেও তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রার্থী হিসেবে  শওকত মোল্লার নাম ঘোষণা করেছে। এই ঘোষণার পর থেকেই ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

মঙ্গলবার প্রার্থী ঘোষণার পর বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শওকতের বৈঠক সেই জল্পনাকে আরও উসকে দেয়। বৈঠকের পর শওকত আত্মবিশ্বাসী ভঙ্গিতে জানান, তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং ভাঙড় কেন্দ্র জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত। তাঁর কথায়, তিনি নিজেই অভিষেককে এই কেন্দ্র থেকে লড়ার আগ্রহের কথা জানিয়েছিলেন।

Advertisement

অন্যদিকে, যেহেতু বর্তমান বিধায়ক নওশাদ সিদ্দিকি, তাই ধারণা করা হচ্ছে তিনিও এই কেন্দ্র থেকেই আবার প্রার্থী হতে পারেন। সেই প্রসঙ্গে শওকতকে প্রশ্ন করা হলে তিনি ঝুঁকির কথা উড়িয়ে দিয়ে বলেন, তাঁদের দল সারাবছর মানুষের পাশে থাকে, অথচ গত পাঁচ বছরে আইএসএফ কোনও উন্নয়ন করতে পারেনি। তাই মানুষ উন্নয়নের পক্ষেই থাকবে বলে তাঁর বিশ্বাস।

Advertisement

আরাবুল ইসলাম ও কাইজার আহমেদের মতো নেতাদের দলত্যাগ প্রসঙ্গেও তিনি গুরুত্ব দিতে নারাজ। তাঁর দাবি, এই নেতাদের ছাড়াই দল ২০২৪ সালে ভালো ফল করেছে এবং তাঁদের সঙ্গে তেমন সংগঠন বা কর্মীভিত্তি নেই। এছাড়া নওশাদ সিদ্দিকিকে তীব্র আক্রমণ করে শওকত মোল্লা নানা অভিযোগ তোলেন এবং তাঁকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

 

Advertisement