• facebook
  • twitter
  • youtube
Tuesday, 28 July, 2026

বিসিসিআইকে ‘গড়পড়তা ফিল্ডার’-দের দল থেকে বের করে দেওয়ার পরামর্শ কিংবদন্তি সুনীল গাভাসকরের

বোর্ডকে ভারতের প্রাক্তন অধিনায়কের পরামর্শ, ‘যদি কেউ গড়পড়তা ফিল্ডার হয়, তাহলে তাকে দরজা দেখিয়ে দিন। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ক্রিকেটারদের জন্য কোনও জায়গা থাকা উচিত নয়’

বিসিসিআইকে ‘গড়পড়তা ফিল্ডার’-দের দল থেকে বের করে দেওয়ার পরামর্শ কিংবদন্তি সুনীল গাভাসকরের

Image: IANS

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার সরাসরি দলের ফিল্ডিং নিয়েই প্রশ্ন তুললেন কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাসকর। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটে আর ‘গড়পড়তা’ ফিল্ডারদের জায়গা হওয়া উচিত নয়। এমন ক্রিকেটারদের দল থেকেই বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, ভারতের ফিল্ডিংয়ের মান অনেকটাই নেমে গিয়েছে। তাঁর মতে, ক্যাচ ফেলা, সহজ রান বাঁচাতে না পারা কিংবা মাঠে গতি ও তৎপরতার অভাব এখন নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের উচিত ফিল্ডিংকে নির্বাচনের অন্যতম প্রধান মানদণ্ড হিসেবে ধরা।

বোর্ডকে ভারতের প্রাক্তন অধিনায়কের পরামর্শ, ‘যদি কেউ গড়পড়তা ফিল্ডার হয়, তাহলে তাকে দরজা দেখিয়ে দিন। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ক্রিকেটারদের জন্য কোনও জায়গা থাকা উচিত নয়’। তাঁর মতে, একজন ক্রিকেটার ব্যাট বা বল হাতে অফ-ফর্মে থাকতেই পারেন, কিন্তু ফিল্ডিংয়ে একশোভাগ উজাড় করে দেওয়ার ক্ষেত্রে কোনও অজুহাত গ্রহণযোগ্য নয়।

গাভাসকর আরো বলেন, ভালো ফিল্ডিং শুধু রান বাঁচায় না, ম্যাচের গতিপথও বদলে দিতে পারে। দুর্দান্ত ক্যাচ, দ্রুত থ্রো বা চটপটে ফিল্ডিং প্রতিপক্ষের উপর বাড়তি চাপ তৈরি করে। তাই আন্তর্জাতিক স্তরে খেলতে হলে প্রত্যেক ক্রিকেটারের ফিটনেস ও ফিল্ডিংয়ের মান সর্বোচ্চ পর্যায়ের হওয়া প্রয়োজন।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের একাধিক ক্যাচ মিস এবং দুর্বল ফিল্ডিং নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। সেই আবহেই সুনীল গাভাসকরের এই মন্তব্য ভারতীয় ক্রিকেট মহলে নতুন চর্চার বিষয় হয়ে উঠেছে।