• facebook
  • twitter
Saturday, 7 March, 2026

কৃতি: শীত সংখ্যা ১৪৩২

সম্পাদক জানিয়েছেন, পরবর্তীকালে প্রয়াত কবি স্বপ্নকমল সরকারকে নিয়ে এই পত্রিকার একটি বিশেষ সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রয়েছে।

দেবপ্রিয় বাগচী

পূর্ব বর্ধমান জেলার পর্বতপুর থেকে দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়ে আসছে ‘কৃতি’ পত্রিকাটি। বর্তমান সংখ্যাটি ৩৫তম সংকলন। এই সংখ্যায় স্মরণ করা হয়েছে সম্প্রতি প্রয়াত কবি স্বপ্নকমল সরকারকে। ‘এই স্বপ্ন, পরজন্ম, পাওয়া-না-পাওয়া, ঘাসের হলুদগন্ধ/ স্বপ্নে ভাঙা বাসরঘর, চন্দ্রহারা চন্দ্রহার, ইচ্ছে-দাঁড়ে রূপসী বাজুবন্ধ/ এই বসন্ত, পাতা নেই শুধু ফুল, এমনই শিমুল না কি ঢেউ?’ স্বপ্নকমলের এরকম পঙ্‌ক্তিময় কবিতা ‘ওয়াই টু কে’ এখানে উদ্ধৃত করা হয়েছে। বর্ধমানের বাসিন্দা স্বপ্নকমল সারা বাংলার কবিদের একত্রিত করতেন তাঁর পত্রিকা ‘আলোবাতাস’-এ এবং ‘আলোবাতাস-এর বিভিন্ন অনুষ্ঠানে। সেখানে সুনীল গঙ্গোপাধ্যায়, উৎপল কুমার বসু, যোগেন চৌধুরী, মোহন সিং খাঙ্গুরার মতো কবি, চিত্রকর, সঙ্গীতশিল্পীরা অবলীলায় শামিল হতেন। স্বপ্নকমলের অকালমৃত্যু নিঃসন্দেহে বর্ধমানের সাহিত্যচর্চায় এক অপূরণীয় ক্ষতি। তাঁকে নিয়ে দু’টি গদ্য লিখেছেন সূর্য মণ্ডল ও শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়। এই সংখ্যার গদ্যগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কবি অরুণকুমার সরকার ও তাঁর কবিতা নিয়ে লিখেছেন কবি মুহম্মদ মতিউল্লাহ্‌ এবং মণিভূষণ ভট্টাচার্যর কবিতা নিয়ে লিখেছেন কবি নীলোৎপল গুপ্ত। বাংলা কবিতার নৈঃশব্দ্যের প্রতি কবি শম্ভুনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে লিখেছেন অয়ন ঘোষ। উৎপলকুমার মণ্ডল লিখেছেন প্রভাত চৌধুরীর কবিতা: শব্দের অবিরাম বিভ্রম, বচনের অনতিক্রম্য ফাঁদ। স্বল্পালোচিত কবি গীতা চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে লিখেছেন পার্থজিৎ চন্দ— ‘হরিণ মরেছে, তার শৃঙ্গদুটি অভোস্পর্শী’। কবি মহাদেব সাহার কবিতা নিয়ে লিখেছেন কবি দিশারী মুখোপাধ্যায়, ‘কবি নরেশ গুহর কবিতা: এক ব্যক্তিগত অবলোকন’ লিখেছেন শৌভিক পাল। সম্পাদক ও কবি কল্যাণ চট্টোপাধ্যায় লিখেছেন তারাপদ রায়ের কবিতা নিয়ে— ‘অনন্ত ব্রহ্মাণ্ডের কবিতায় তারাপদ রায়’।

Advertisement

কবিতা লিখেছেন শ্যামলকান্তি দাশ, সৈয়দ হাসমত জালাল, চন্দ্রনাথ শেঠ, গৌরশংকর বন্দ্যোপাধ্যায়, শংকর চক্রবর্তী, অরূপ আস, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অর্ণব সাহা থেকে বহু উল্লেখযোগ্য তরুণ কবি। দীর্ঘ কবিতা লিখেছেন, পূর্বা মুখোপাধ্যায়, রূপক চট্টোপাধ্যায় ও পিনাকী রায় (কণিষ্ক)। গুচ্ছ কবিতায় আছেন আমিনুল ইসলাম, সূর্য মণ্ডল, মাসুদার রহমান ও মেহনাজ মুস্তারিন।

Advertisement

সম্পাদক জানিয়েছেন, পরবর্তীকালে প্রয়াত কবি স্বপ্নকমল সরকারকে নিয়ে এই পত্রিকার একটি বিশেষ সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রয়েছে। এটি নিশ্চয়ই একটি জরুরি কাজ।

কৃতি এখন
সম্পাদক : কল্যাণ চট্টোপাধ্যায়
মূল্য: ৮০ টাকা

Advertisement