তীর্থ পর্যটকদের যাতায়াত আরও আরামদায়ক এবং সুগম করতে রাজ্য সরকারের পক্ষ থেকে এক নতুন বাস পরিষেবার চালু করা হল। বুধবার বেলুড় মঠ থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন এসি ভলভো সরকারি বাস পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। কামারপুকুরের উপর দিয়ে যাবে বাসটি। এই বিশেষ বাসে থাকছে আধুনিক শৌচাগারের ব্যবস্থা। এবার বেলুড় মঠ থেকে জয়রামবাটি ভায়া কামারপুকুর পর্যন্ত ছুটবে এসি ভলভো সরকারি বাস। শীত পড়তে শুরু করেছে। তার মধ্যে এই বাস পরিষেবা চালু হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই মরশুমে তীর্থ পর্যটকরা তাতে ভিড় জমাবেন।
এই বাস সম্পর্কে জানা গিয়েছে, প্রত্যেকদিন সকাল ৫টা ৪৫ মিনিটে বেলুড় মঠ থেকে বাসটি ছাড়বে। ফেরার পথে জয়রামবাটি থেকে বাসটি ছাড়বে বিকেল ৩টে ৪৫ মিনিটে। বেলুড় মঠ থেকে জয়রামবাটি পৌঁছতে সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা। বাসের ভাড়া সম্পর্কে পরিবহণ দপ্তর সূত্রে খবর, সরাসরি বেলুড় মঠ থেকে জয়রামবাটি যাওয়ার টিকিট ২২০ টাকা। যদি বাসটি উচালন বেঙ্গাই হয়ে যায় তবে ২৬৫ টাকা ভাড়া লাগবে। এসি বাসে এমন সফরের ক্ষেত্রে ভাড়া যে সামান্যই তা মানছেন সাধারণ মানুষ থেকে পর্যটকরা। এখন রাজ্যে একটা হালকা শীতের আমেজ চলছে। তাই এই আবহে নির্দ্বিধায় যাঁরা তীর্থ করতে চান তাঁরা ঘুরে আসতে পারেন।
এক্ষেত্রেও রাজ্য সরকারের ‘বিনামূল্যে বাসযাত্রা’ প্রকল্পের নিয়ম অনুযায়ী, মহিলারা এই এসি বাসেও সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। উদ্বোধনী দিন অর্থাৎ বুধবারের এই যাত্রার দিনে সমস্ত যাত্রীদের জন্যই বাসটি সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। মহিলাদের ক্ষেত্রে এই বাসটিতে যাতায়াতের ক্ষেত্রে কোনও ভাড়া লাগবে না। বুধবার মহিলাদের এই সুখবর দিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। সহজে অনলাইনে বাসের টিকিটও কাটা যাবে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই এই সরকারি বাসটির টিকিট কাটা যাবে। এই বাস পরিষেবার জেরে পুণ্যার্থীরা অত্যন্ত উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।
তাছাড়া যাত্রীরা যাতে সহজেই টিকিট কাটতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সরকারি ওয়েবসাইট থেকে ঘরে বসেই অনলাইনে এই বাসের টিকিট কাটার পাশাপাশি অফলাইনে তা কাটা যাবে। বেলুড় মঠ এবং কামারপুকুর-জয়রামবাটির মতো পবিত্র তীর্থক্ষেত্রগুলিকে সরাসরি শীততাপ নিয়ন্ত্রিত বাসের মাধ্যমে যুক্ত করার এই পদক্ষেপে খুশি সাধু-সন্ত থেকে শুরু করে পর্যটক এবং পুণ্যার্থীরাও।




