• facebook
  • twitter
  • youtube
Sunday, 27 September, 2026

‘আজাদি’ স্লোগানে মমতাকে নিশানা, শ্রীরামপুরের সভাকে ‘প্রহসন’ বলে কড়া বার্তা শুভেন্দুর

শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কটাক্ষ করে ‘রাজনৈতিক প্রহসন’ বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবারের সভায়

‘আজাদি’ স্লোগানে মমতাকে নিশানা, শ্রীরামপুরের সভাকে ‘প্রহসন’ বলে কড়া বার্তা শুভেন্দুর

শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কটাক্ষ করে ‘রাজনৈতিক প্রহসন’ বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবারের সভায় ‘আজাদি’ স্লোগান প্রসঙ্গেও সরব হন তিনি। শুভেন্দুর দাবি, ভারত ১৯৪৭ সালেই স্বাধীনতা পেয়েছে। এখন অল্প কয়েকজনকে নিয়ে ফাঁকা মাঠে দাঁড়িয়ে ‘আজাদি’ স্লোগান দিলে জাতীয়তাবাদী মানুষের সমর্থন তাঁরা হারাবেন।

রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১১ হাজার কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও বামেদের নিশানা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, অতীতে বাম বা মমতার আমলে সাধু-সন্তদের যে ভাবে অপমানের অভিযোগ উঠেছে, বর্তমান সরকার তা বরদাস্ত করবে না। নিজেকে ‘টিকা, শিখা, ধুতি ও তুলসীর সুরক্ষাকারী সরকার’-এর প্রতিনিধি হিসেবেও তুলে ধরেন তিনি।

এদিন ধর্মীয় কর্মসূচির ভবিষ্যৎ পরিকল্পনাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ব্রিগেডে আগামী ২৯ ডিসেম্বর ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, জগদ্গুরু স্বামী রামভদ্রাচার্যের সঙ্গেও তাঁর আলোচনা হয়েছে। তাঁর দাবি, আগামী ১৫ জানুয়ারি মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান করবেন রামভদ্রাচার্য। এরপর ১৬ থেকে ২৪ জানুয়ারি ব্রিগেডে ১০০০ কুণ্ডের ধর্মসভার নেতৃত্ব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

লিলুয়ায় বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর ঘটনা নিয়েও এদিন বিরোধীদের নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, সাধু-সন্ত ও ধর্মীয় ব্যক্তিত্বদের অপমানের ঘটনা বরদাস্ত করা হবে না। ধীরেন্দ্র শাস্ত্রীর ছবি পোড়ানোর ঘটনায় অভিযুক্তকে ঘটনার রাতেই গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

শুভেন্দুর বার্তা, ধর্মীয় আচার পালনে আর কোনও ভয় বা বাধা থাকবে না। তাঁর কথায়, মানুষ গীতাপাঠ ও গীতা বিতরণ, হনুমান চালিসা পাঠ, শাঁখ-মৃদঙ্গ-খঞ্জরি বাজানো এবং হরেকৃষ্ণ নামকীর্তন করতে পারবেন। একইসঙ্গে গোরক্ষা ও ধর্মরক্ষার বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট বলে দাবি করেন তিনি।