• facebook
  • twitter
  • youtube
Sunday, 19 July, 2026

ফিফা ফাইনালের আবহে দক্ষিণ কলকাতা সেবাশ্রমের শিশুদের বিশেষ উপহার পাঠালেন শুভেন্দু

মুখ্যমন্ত্রীর দৃঢ় বিশ্বাস এই আয়োজন শিশুদের মধ্যে আনন্দ, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের সঞ্চার করবে। সঠিক শিক্ষা ও সমাজের আন্তরিক সহযোগিতায় তারা নিজেদের স্বপ্নকে বাস্তবের রূপ দিয়ে আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে দেশ ও সমাজের গর্ব হয়ে উঠবে।

ফিফা ফাইনালের আবহে দক্ষিণ কলকাতা সেবাশ্রমের শিশুদের বিশেষ উপহার পাঠালেন শুভেন্দু

Image: ANI

রবিবার অর্থাৎ আজ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। সেই প্রবল উন্মাদনার মাঝে হৃদয়স্পর্শী মানবিক নজির স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শহরের ঐতিহাসিক দক্ষিণ কলকাতা সেবাশ্রমের ৫৭ জন আবাসিক অনাথ শিশুদের সঙ্গে আনন্দ উদযাপনে সামিল হতে পাঠিয়েছেন একরাশ শুভেচ্ছা ও উপহার।

১৯২৪ সালের ১১ মার্চ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এবং নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শতাব্দীপ্রাচীন এক গৌরবময় ঐতিহ্যের প্রতীক। নেতাজী সুভাষ চন্দ্র বসু কলকাতার মেয়র থাকাকালীন এই আশ্রমের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি বরাদ্দ করেছিলেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের সঙ্গে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে ও ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাইপো চিত্ততোষ মুখোপাধ্যায়ের নামও নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে।

এই ঐতিহাসিক মুহূর্তের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিষ্ঠানের সম্পাদক শ্রী শুভেন্দ্র মৌলিককে একটি বিশেষ পত্র পাঠিয়েছেন। চিঠিতে তিনি আবেগঘন ভাষায় উল্লেখ করে জানিয়েছেন, দক্ষিণ কলকাতা সেবাশ্রম কেবল একটি সাধারণ প্রতিষ্ঠান নয়। এটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত এক গৌরবময় ঐতিহ্যের ধারক।

তিনি আরও লিখেছেন, ‘ফুটবলের প্রতি পশ্চিমবঙ্গের গভীর অনুরাগ বিশ্বব্যাপী সুপরিচিত। ফিফা বিশ্বকাপ হল শৃঙ্খলা, দলগত চেতনা ও সীমাবদ্ধতাকে অতিক্রম করে স্বপ্ন দেখার সাহসের এক অনন্য উদযাপন।’ মুখ্যমন্ত্রীর দৃঢ় বিশ্বাস এই আয়োজন শিশুদের মধ্যে আনন্দ, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের সঞ্চার করবে। সঠিক শিক্ষা ও সমাজের আন্তরিক সহযোগিতায় তারা নিজেদের স্বপ্নকে বাস্তবের রূপ দিয়ে আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে দেশ ও সমাজের গর্ব হয়ে উঠবে।

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্রমের আবাসিক শিশুদের জন্য ফুটবল এবং প্রত্যেক শিশুর নিজস্ব নামাঙ্কিত বিশেষ ফ্যান জার্সি উপহার হিসেবে পাঠিয়েছেন।