• facebook
  • twitter
  • youtube
Saturday, 18 July, 2026

সরকারি স্কুলের ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা, শিল্পসংস্থার সাহায্য চাইল রাজ্য

পশ্চিমবঙ্গে পরিবেশবান্ধব শিল্প, সবুজ জ্বালানি এবং নতুন বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে

সরকারি স্কুলের ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা, শিল্পসংস্থার সাহায্য চাইল রাজ্য

Minister Dipak Burman Photo-SNS

বিদ্যুৎ খরচ কমাতে চায় রাজ্য সরকার। একইসঙ্গে বিদ্যুতের অপচয় যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে চাইছে তারা। কিন্তু বিদ্যুতের খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও পরিষেবা পরিবেশবান্ধব রাখার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। আর তাই পরিবেশবান্ধব সৌরশক্তি ব্যবহারের পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের প্রায় ৮১ হাজার সরকারি স্কুলের ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন করতে একাধিক শিল্প সংস্থার কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ।

এদিকে রাজ্যের সব সরকারি স্কুলে সৌরবিদ্যুৎ বসানোর কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই সৌরবিদ্যুৎ প্রকল্পের পরিকাঠামো তৈরিতে শিল্প সংস্থাগুলির কাছে আর্থিক সাহায্যের আর্জি জানালেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। এই রাজ্যের ৮১ হাজার সরকারি স্কুলকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এই বিষয়ে রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী বলেন, ‘রাজ্যের বিদ্যালয়গুলিতে সবুজ শক্তির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুতের খরচ কমানো এবং নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটানোর প্রয়োজন আছে। তার ফলে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও পরিবেশবান্ধব করে তোলা এবং দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ব্যয়ও কমানো সম্ভব হবে।’

অন্যদিকে পশ্চিমবঙ্গে পরিবেশবান্ধব শিল্প, সবুজ জ্বালানি এবং নতুন বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এমনকী কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকেও রাজ্যে সৌরবিদ্যুৎ প্রকল্পে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়ে দেন স্কুলশিক্ষা মন্ত্রী। গোটা বিষয়টি নিয়ে দীপক বর্মণের বক্তব্য, ‘আমরা পরিকল্পনা নিয়েছি প্রত্যেকটি স্কুলের ছাদে সৌরশক্তির প্যানেল বসাবো। এখানে নানা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত আছেন। আমি অনুরোধ জানাব স্কুলগুলিতে সৌরশক্তির প্যানেল বসাতে সংস্থাগুলি সাহায্য করুক। তাদের সিএসআর তহবিল থেকে সহায়তা করুক। সৌরশক্তি বসবে রাজ্যের ৮১ হাজার স্কুলে। তাতে পরিবেশবান্ধব উন্নয়ন হবে। বিদ্যুৎ ব্যয়ও কমবে।’

তাছাড়া স্কুলশিক্ষা মন্ত্রী যে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেখানে ডিভিসি, ইসিএল, হিন্দুস্তান পেট্রোলিয়াম-সহ নানা বেসরকারি সংস্থার প্রতিনিধিরা হাজির ছিলেন। তাই সকলের কাছে দীপক বর্মণের আর্জি, ‘পশ্চিমবঙ্গে আরও পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলা রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। রাজ্যে বেশি বিনিয়োগ এবং নতুন শিল্পোন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। আপনারাও এগিয়ে আসুন এবং রাজ্যের স্কুলগুলিতে সৌরবিদ্যুৎ প্যানেল বসান। তাতে পড়ুয়াদেরও উপকার হবে।’