• facebook
  • twitter
  • youtube
Sunday, 8 November, 2026

বাংলাদেশে ফের রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃত! খুলনায় কালো কালি ছিটিয়ে লাগানো হল বিতর্কিত পোস্টার

ফের বিকৃত করা হল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। এবার ঘটনাস্থল বাংলাদেশের খুলনা। একটি দেওয়ালচিত্রে কবিগুরুর মুখে কালো কালি ছিটিয়ে

বাংলাদেশে ফের রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃত! খুলনায় কালো কালি ছিটিয়ে লাগানো হল বিতর্কিত পোস্টার

ফের বিকৃত করা হল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। এবার ঘটনাস্থল বাংলাদেশের খুলনা। একটি দেওয়ালচিত্রে কবিগুরুর মুখে কালো কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ছবির পাশে লাগানো একটি পোস্টারে রবীন্দ্রনাথের বিরুদ্ধে মুসলমান ও পূর্ব বাংলার বিরোধিতার অভিযোগও তোলা হয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

খুলনা রেল স্টেশনের দেওয়ালে বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি আঁকা হয়েছিল। সেই দেওয়ালচিত্রে ফকির লালন শাহ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, এস এম সুলতান-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির ছবি ছিল। অভিযোগ, অন্য প্রতিকৃতিগুলি অক্ষত থাকলেও শুধুমাত্র রবীন্দ্রনাথের ছবিটিই কালো কালি দিয়ে বিকৃত করা হয়েছে।

রবীন্দ্রনাথের প্রতিকৃতির পাশে লাগানো পোস্টারে লেখা ছিল, “যিনি মুসলমান ও পূর্ব বাংলার প্রতি শত্রুভাবাপন্ন ছিলেন, সেই রবীন্দ্রনাথের ঠাঁই তিতুমীরের বাংলায় নেই।” খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানিয়েছেন, শুক্রবার বিকেলে পুলিশ এই ঘটনার কথা জানতে পারে। তাঁর কথায়, “শুক্রবার রাস্তার ওপারে সমস্ত দোকান বন্ধ থাকায় কে বা কারা কখন ম্যুরালটি বিকৃত করেছে, তা বোঝা যাচ্ছে না।”

উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের আগে শহরের সৌন্দর্যায়নের অংশ হিসেবে এই দেওয়ালচিত্র তৈরির উদ্যোগ নিয়েছিল খুলনা সিটি করপোরেশন। সেখানে রবীন্দ্রনাথের পাশাপাশি ফকির লালন শাহ, চিত্রশিল্পী এস এম সুলতান, কাজী নজরুল ইসলাম, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতিও আঁকা হয়েছিল।

ঘটনার তীব্র নিন্দা করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তাঁর বক্তব্য, শিশু ও কিশোরদের মধ্যে মুক্তচিন্তার প্রসার ঘটাতেই এই প্রতিকৃতিগুলি তৈরি করা হয়েছিল। তিনি বলেন, “প্রতিকৃতিটি বিকৃত করার মাধ্যমে তারা তাদের সংকীর্ণ মানসিকতা ও অসুস্থ মানসিকতার পরিচয় দিয়েছে।”

রবীন্দ্রনাথের প্রতিকৃতি ঘিরে এই ঘটনা বাংলাদেশে নতুন করে বিতর্ক তৈরি করেছে। কারা এই দেওয়ালচিত্র বিকৃত করল, তা খতিয়ে দেখছে পুলিশ।